মোবাইলে আড়ি পাতার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, নানান কথোপকথন ফাঁস হয়ে যাচ্ছে। সেই কারণে আর অ্যানড্রয়েড ফোনের (Android Phone) উপর আস্থা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কারণে এবার রাজ্যের আমলাদের (IAS Officers) আইফোন (I-Phone) ব্যবহারের পরামর্শ দিলেন তিনি। আইফোনের মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফোন বা মেসেজ করা হবে। তবে এই বিষয়ে নবান্ন থেকে সরকারি কোনও বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি বলেই জানা গিয়েছে।
চলতি সপ্তাহেই ইকো পার্কে ছিল রাজ্যের বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের পদস্থ আমলারা। নবান্ন সূত্রে খবর অনুযায়ী, সেই বৈঠকেই একান্ত আলাপচারিতায় অ্যানড্রয়েড ফোনের উপর আস্থা হারানোর কথা জানান মুখ্যমন্ত্রী।
মমতার আশঙ্কা, আমলাদের ফোনে আড়ি পাতা হচ্ছে। রাজ্যের কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে। তাই রাজ্য়ের সচিব ও পদস্থ কর্তাদের ফোন ও টেক্সট মেসেজের জন্য আইফোন ব্যবহারের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। ফোন ব্যবহার নিয়ে এখনও সরকারি বিজ্ঞপ্তি জারি না হলেও মুখ্যমন্ত্রীর পরামর্শকে নির্দেশ হিসেবেই দেখছেন আমলারা।
রাজ্যের এক আমলা এই বিষয়ে জানান যে এই নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। তবে মুখ্যমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করা যায় না। ওই আমলার কথায়, মুখ্যমন্ত্রী হয়ত ঘরোয়া আলোচনাতেই রাজ্যের সচিব পর্যায়ের আমলাদের আইফোন ব্যবহারের নির্দেশ দিয়েছেন। রাজ্যের তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্যই হয়ত এমনটা বলে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।
কিছুমাস আগে পেগাসাস ইস্যু নিয়ে জাতীয় রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে। সেই সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে কেন্দ্র সরকার পেগাসাস অ্যাপের মাধ্যমে রাজ্যের নানান নেতা-মন্ত্রীদের উপর নজর রাখছে। রাজ্যের নানান পদক্ষেপের উপর নজরদারি চালাচ্ছে মোদী সরকার। তবে এই বিষয়ে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।





