১২ই সেপ্টেম্বর শনিবার রাজ্যে লকডাউন (Lockdown) হচ্ছে না। টুইট করে কিছুক্ষণ আগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৩ই সেপ্টেম্বর রবিবার সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) থাকায় ১২ তারিখের লকডাউন বাতিল (Cancellation) ঘোষণা করা হলো, জানালেন মুখ্যমন্ত্রী।
আগামীকাল শুক্রবার ও তার পরের দিন শনিবারে রাজ্যে সার্বিক লকডাউন এর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যেহেতু নীট পরীক্ষার সিট অনেক দূর দূরান্তে পড়ে তাই পরীক্ষার আগে টানা দু’দিনের লকডাউনে পরীক্ষার্থীদের অসুবিধার সম্মুখীন হতে হতো। এইজন্যই মুখ্যমন্ত্রীকে ওই দিন লকডাউন প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। তাদের আবেদনে সাড়া দিয়ে আজ দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে, নীট পরীক্ষার কথা মাথায় রেখেই ১২ তারিখে পূর্ব ঘোষিত লকডাউন প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য সরকার।
তিনি টুইটে লিখেছেন, সরকার আগেই ১১ ও ১২ সেপ্টেম্বরের লকডাউনের কথা ঘোষণা করেছিল। কিন্তু ১৩ তারিখ নীট পরীক্ষা থাকায় বিভিন্ন ছাত্র সংগঠন থেকে রাজ্যের কাছে একাধিক অনুরোধ আসতে থাকে কারণ লকডাউন থাকলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে শনিবার এর লকডাউন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। তবে আগামীকাল শুক্রবার এর লকডাউন বজায় থাকছে। এছাড়াও টুইটে নীট পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
https://twitter.com/MamataOfficial/status/1303968087872471040
অন্যদিকে রবিবার ১৩ তারিখ নীট পরীক্ষার দিন কলকাতা মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ওদিন সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ৩৩ জোড়া ট্রেন চালানো হবে। স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রোরেলে চড়া যাবে। যাদের স্মার্ট কার্ড নেই তাদেরকে স্টেশন থেকে কাগজের টিকিট সংগ্রহ করতে হবে। অ্যাডমিট কার্ড দেখানোর পর অভিভাবকের সঙ্গে পরীক্ষার্থীরা মেট্রোতে উঠতে পারবেন।





