রবিবার গণনা শুরু হওয়ার ২ ঘন্টার মধ্যেই বোঝা যায় বাংলার মানুষের মুড কি! আর জয় নিশ্চিত বুঝেই নিজের কর্তব্য স্থির করে ফেলেন তৃণমূল সুপ্রিমো। যে সমস্ত তৃণমূল প্রার্থীরা এই বিধানসভা নির্বাচনে জয় যুক্ত হয়েছেন তাঁদের আজ অর্থাৎ সোমবার দুপুরে তৃণমূল ভবনে জরুরি বৈঠকে তলব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, এদিনের বৈঠকে সম্ভাব্য মন্ত্রীসভা নিয়ে কথা বলতে পারেন মমতা। তারপর সন্ধে ৭টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে মমতা যাবেন রাজভবনে। রবিবারই টুইটে তৃণমূল নেত্রীকে আমন্ত্রণের কথা জানিয়েছিলেন রাজ্যপাল।
প্রসঙ্গত উল্লেখ্য, যেখানে এবারে মমতার দলের অবস্থা টলোমলো ছিল সেখানেই এবার সব রেকর্ড ভেঙে ক্ষমতা দখল করলেন তিনি। ভাঙল ২০১১, ২০১৬’র সমস্ত রেকর্ড। ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে ঘাসফুল ঝড়। বাকি দুই আসনে ভোট এখনও বাকি। মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক গড়তে চলেছেন মমতা।
গতকাল জয়ের ইঙ্গিত পেতেই সম্ভাব্য মন্ত্রীসভার ছক সাজিয়ে ফেলেছিলেন তিনি। এবার সকলের সঙ্গে তা আলোচনা করে নেওয়ার পালা। সূত্রের খবর, আগের দু’বারের মতো এবারও নেত্রীর মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। নতুন জয়ীদের নিয়েও তৈরি হতে পারে মমতার নতুন ক্যাবিনেট।






