WB Election 2021: একই মঞ্চে দেখা মিলবে না মোদী-মমতার! হলদিয়ার অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরালেন মুখ্যমন্ত্রী

গত ২৩শে জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর ৭ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ হলদিয়ার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে ফের একবার একই মঞ্চে মোদী-মমতাকে দেখা যাবে বলে ভেবেছিলেন অনেকেই। কিন্তু সেই আশায় জল ঢাললেন মুখ্যমন্ত্রী নিজেই। বলে দিলেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তিনি। নবান্নের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি হলদিয়ায় যাচ্ছেন না, এ বিষয়ে কিছু জানা যায়নি।

আজ, রবিবার হলাদিয়ায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এক ব্যয়বহুল প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদী। এর আগে গতকাল সন্ধ্যেয় বাংলায় টুইট করে নিজের কর্মসূচীর কথা জানান তিনি। বাঙালি আবেগকে স্পর্শ করতেই তিনি বাংলায় টুইট করেছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও আমন্ত্রিত রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী, স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডল। এই অনুষ্ঠানে ঘাটালের সাংসদ দেবকেও আমন্ত্রণ করা হয়েছে। এমনটাই টুইট করে জানান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু তাঁর পাল্টা টুইট করে দেব জানিয়ে দেন যে তিনি উপস্থিত থাকতে পারবেন না।

এদিকে, মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। ২৩শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠার পর ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয়। তা শুনে ‘অপমানিত’ বোধ করেন তিনি। অনেকেই মনে করছেন, এই ঘটনাই মমতার আজকের অনুষ্ঠানে উপস্থিত না থাকার প্রধান কারণ। এই ঘটনার পর রাজ্য-কেন্দ্রের সংঘাত বেড়েছে। তাই মুখ্যমন্ত্রী আর একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকতে চাইছেন না।

RELATED Articles