নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে এই মুহূর্তে রাজ্য উত্তাল। এই দুর্নীতিতে প্রথমেই গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর থেকে এই দুর্নীতিতে (recruitment scam) নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর। রাজ্য সরকার প্রথমে এই বিষয়ে সেভাবে পদক্ষেপ না করলেও এবার নিয়োগ দুর্নীতির এফআইআরে একাধিক তৃণমূল নেতার নাম দিল রাজ্য সরকার।
পাহাড়ে নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে অভিযোগ জানানো হয়েছিল শিক্ষা দফতরের তরফে। প্রথমে আইসি অভিযোগ গ্রহণ করতে না চাওয়ায় আদালতের তোপের মুখে পড়তে হয়। সেই ধমকানির জেরেই এবার হল কাজ। ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করা হল তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে।
জানা গিয়েছে, রাজ্য সরকারের করা এই এফআইআরে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, জিটিএ নেতা বিনয় তামাং-সহ মোট ৮ জনের। এই খবর সামনে আসতেই রাজ্যের নানান মহলেই বেশ শোরগোল পড়ে গিয়েছে।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর কথায়, “বিজেপি বোধহয় ভয় পেয়েছে। আমরা বরাবরই নির্বাচন আসলে তৃণমূল কংগ্রেসের নেৃতৃত্বদের উপর এ ধরনের অভিযোগ লাগিয়ে তাঁদের আটাকানোর চেষ্টা করে। এরকম কোনও কিছুর সঙ্গে আমি যুক্ত নই”।
শুধু তাই-ই নয়, তিনি আরও বলেন, “যাঁরা আমাকে বদনাম করার চেষ্টা করছে, ফাঁসানোর চেষ্টা করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। কারণ এই কেসের সঙ্গে আমার দূর-দূরান্তেও কোনও সম্পর্ক নেই। কারও সঙ্গে পরিচয়ও হয়নি। তদন্ত হোক। তদন্তে হলে পূর্ণ সহযোগিতা করব। কিন্তু বিরোধীরা যতই চক্রান্ত করুক সত্যি ঠিকই সামনে আসবে”।
এই নিয়ে কটাক্ষ করা হয়েছে বাম শিবিরের তরফে। বিশিষ্ট আইনজীবী তথা বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “রাজ্য সরকার এটা স্বতঃপ্রণোদিতভাবে করেনি। আদালতের নির্দেশে বাধ্য হয়ে করেছে। চাপে পড়ে কমিটি তৈরি হয়েছিল। তাঁরা তিন চারজনের নাম পেয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে এফআইআর দাখিল করার নির্দেশ ছিল গত ফেব্রুয়ারি মাসে”।
শিক্ষা দফতরের এফআইআরে পাহাড়ে নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে তৃণমূলকে নতুন করে আক্রমণ করছে অন্যান্য বিরোধীরাও। তাদের দাবী, আসল ২ অভিযুক্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিককে বাঁচাতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও ছোটখাটো নেতাদের নামে অভিযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, পাহাড়ে শিক্ষাঙ্গনে নিয়োগ দুর্নীতির (recruitment scam) অভিযোগ তুলে এক বেনামী চিঠি এসেছিল। সেই চিঠির ভিত্তিতেই স্কুল শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করেন। সেই এফআইআরেই এবার প্রথম রাজ্য সরকারের তরফে উল্লেখ করা হল পার্থ চট্টোপাধ্যায়ের নাম।





