বিয়ের এক বছরের মধ্যে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। কিন্তু মনে এক ভালোবাসা বারবার উঁকি দিত। সেই ভালোবাসাকেই যে জীবনে নিজের করে পাবেন, তা হয়ত ভাবতেও পারেন নি যুবক। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অবশেষে নিজের দীর্ঘদিনের পছন্দের পুরুষের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন যুবক। দুই যুবকের বিয়ের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে বীরভূমের কড়িধ্যার সেনপাড়ায়। সেখানকার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী। বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর। কিন্তু কেন তিনি মেয়েদের পছন্দ করতেন না বা বিবাহবিচ্ছেদের কারণ কেউ জানতেন না। জানা গিয়েছে, ছোটো থেকেই নাকি প্যান্ট-শার্ট নয়, শাড়ি পরতে পছন্দ করতেন বাসুদেব। তবে হঠাৎ যে তিনি এমন এক কাণ্ড করবেন, তা কেউ ভাবতে পারেন নি।
জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা অমিত মালিককে বেশ অনেকদিন ধরেই পছন্দ করতেন বাসুদেব। অবশেষে নিজের ভালোবাসাকে নিজের করে পেতে উদ্যোগ নিয়েই নিলেন তিনি। গত বুধবার রাতে আত্মীয়স্বজনকে ভিডিও কলে রেখেই অমিতকে বিয়ে করলেন বাসুদেব।
বাসুদেবের হঠাৎ এই কাজে সকলে স্তম্ভিত হলেও সকলে মেনে নেন বিষয়টি। ছোটো থেকেই বাসুদেবের সঙ্গে তাঁর প্রতিবেশীদের খুব ভালো সম্পর্ক। সেই কারণে তারাও এই বিয়েতে খুব খুশি। বিবাহিত দম্পতিকে বরণ করার প্রস্তুতি নেন গ্রামবাসীরা। এমনকি, চাঁদা তুলে ভোজের বুবস্থাও করেন তারা।
উল্লেখ্য, ২০১২ সালে বিয়ে হয়েছিল বাসুদেবের। কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তাঁর। অমিত জানিয়েছেন, তিনি যে বাসুদেবকে বিয়ে করছেন, সেকথা তিনি আত্মীয়দের আগেই জানিয়েছিলেন। তবে বাসুদেব। হঠাৎই বুধবার রাতে ভিডিও কলে অমিতকে বিয়ে করার কথা জানান। এরপরই গ্রাম জুড়ে শুরু হয় হইচই।
বাসুদেবের পাড়ার লোকজন জানাচ্ছেন, “ছোটো থেকেই বাসুদেব পাড়ার আর দশটা ছেলের মত জামাপ্যান্ট পরতে ভালোবাসত না। শাড়ি, চুড়িদারের মতো মেয়েদের পোশাক এবং অলংকার ভালোবাসত”।





