নাগাড়ে শাসকের অস্বস্তি বাড়াচ্ছে দলীয় নেতারা! ‘পিকের দলের চাকরবাকরে পরিণত হয়েছি’ ক্ষোভ ময়নাগুড়ির বিধায়কের

সামনেই বিধানসভা ভোট। কোথায় বন্ধন মজবুত করতে হবে সেই জায়গায় ক্রমে রাশ আলগা হচ্ছে বাংলার শাসক দল তৃণমূলের।
যত এগোচ্ছে বিধানসভা ভোট, আশপাশ থেকে যত রাজনৈতিক চাপ বাড়ছে ততই তৃণমূলের অন্দরের চাপ‌ও বাড়ছে। দলের বিরুদ্ধে ‘বেসুরো’ হচ্ছেন একের পর এক বিধায়ক, মন্ত্রী।
গোষ্ঠী কোন্দল এবং তৃণমূল তো প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছে। তবে বেশিরভাগ মন্ত্রী বিধায়কের‌ই প্রধান সমস্যা তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও তাঁর দল আইপ্যাক।
এই পরিস্থিতিতে ফের দলের অস্বস্তি বাড়ালেন জলপাইগুড়ির ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী।
গতকাল অর্থাৎ শনিবার জলপাইগুড়ি তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল। সেখানেই যোগ দেন অনন্তদেব অধিকারী। তারপর সার্কিট হাউসে পর্যটনমন্ত্রী গৌতম দেবের সঙ্গেও দেখা করতে যান তিনি। জলপাইগুড়ি সার্কিট হাউসে বসেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব। তিনি বলেন, “পিকের টিম নিজের মতো করে কর্মসূচি ঠিক করছেন। আর আমরা তাদের পিছনে চাকরবাকরের মতো ঘুরছি।” সম্প্রতি কলকাতাতেও এই বিষয়ে মুখ খোলেন ময়নাগুড়ির বিধায়ক। জানান, তাঁর বক্তব্যের পর পিকের টিম তাঁর সঙ্গে কথা বলেছেন। তবে পিকে’র কথাকে তিনি কোনও গুরুত্ব দিচ্ছেন না বলেই এদিন সাফ জানান অনন্তদেব।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন বেশ কয়েকজন নেতা-বিধায়ক।
তৃণমূলের অন্যতম মাথা শুভেন্দু অধিকারীর দল ছাড়া এখন সময়ের অপেক্ষা। বিতর্ক বাড়িয়েছেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শীলভদ্র দত্ত, জটু লাহিড়ী সহ আর‌ও অনেকে। দলবদলের এই মোক্ষম সময়ে ময়নাগুড়ির বিধায়কের এহেন মন্তব্য শাসককে চিন্তায় ফেলবে তা বলা বাহুল্য।

RELATED Articles