গরমে হাঁসফাঁস রাজ্য, স্বস্তির আশায় চাতক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে বঙ্গবাসীবৈশাখের তেজে রোদের খরচোখ যেন জ্বালিয়ে-পুড়িয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। শহর থেকে গ্রাম—প্রতিটি কোণায় এখন একটাই আলোচনার বিষয়, কবে বৃষ্টি হবে? শীতের বিদায়ের পর থেকে ক্রমাগত উষ্ণতায় হাঁসফাঁস করছে মানুষ, দিনে রাস্তায় বেরোনো মুশকিল, আবার রাতে ঘুম কেড়ে নিচ্ছে অসহনীয় গরম। মাঝে মাঝে হওয়া হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, তাতে জলভরা কলসি ঠান্ডা হয়নি এখনও।
ঘন মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ, কখনও আবার বিদ্যুৎ চমকে দিচ্ছে বার্তা। কিন্তু প্রকৃত অর্থে টানা বৃষ্টি বা বর্ষা এখনও পর্যন্ত দেখা যায়নি। অথচ বৈশাখের শেষ লগ্নে এসেও গরমের দাপট কিছুতেই কমছে না। শিশু থেকে বৃদ্ধ, সকলেই এখন একটা দীর্ঘস্থায়ী স্বস্তির খোঁজে দিন গুনছেন। এমত অবস্থায় মৌসম ভবনের আপডেট যেন আশার আলো দেখাচ্ছে গোটা রাজ্যকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছর বর্ষা নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই ঢুকতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সাধারণত নিকোবরে ১৮ থেকে ২১ মে এবং আন্দামানে ২২ মে বর্ষা ঢোকে, কিন্তু এবারই ১৩ মে থেকেই বর্ষার ইনিংস শুরু হতে চলেছে। এই অগ্রবর্তী বর্ষার ইঙ্গিত বাংলার আবহাওয়াতেও বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে, যদিও এখনই বাংলায় নির্দিষ্ট করে বর্ষার ঢোকার দিন জানানো হয়নি।
আজ, মঙ্গলবার থেকে পরবর্তী সাতদিন দক্ষিণবঙ্গে বড়সড় কোনও তাপমাত্রা পরিবর্তন না হলেও, হাওয়া অফিস জানিয়েছে বজায় থাকবে তাপপ্রবাহ। তাপপ্রবাহের মধ্যেই ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
আরও পড়ুনঃ Narendra Modi : “জল আর রক্ত একসঙ্গে চলতে পারে না”—পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদী আর কী বললেন আজকের ভাষণে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ বজায় থাকবে। একদিকে আগেভাগে বর্ষার আগমন, অন্যদিকে তাপপ্রবাহ—এই দুইয়ের টানাপোড়েনে রাজ্যবাসীর স্বস্তি মিলবে কি না, এখন সেটাই দেখার।





