দীর্ঘদিন ধরে বৃষ্টির জন্য ওত পেতে বসে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। বর্ষা কনে আসবে, এখন সেই প্রশ্নই সকলের মুখে। রোদে-ঘামে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে এরেই মধ্যে অবশেষে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা।
অনেক আগেই উত্তরবঙ্গে ব্যাটিং শুরু করেছে বর্ষা। মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভালো বৃষ্টি হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের মধ্যে কলকাতা ও দক্ষিণবঙ্গের নানান জায়গায় বর্ষা ঢুকবে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের যে হবে না, তাও জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বৃষ্টি সামান্য স্বস্তি দিলেও, তাপমাত্রা একইরকমই থাকতে পারে।
এদিকে, আজ, মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশে বেশ পরিষ্কার। মেঘ সরিয়ে ঝলমলে রোদ উঠেছে আর রোদের তেজও রয়েছে বেশ। এর জেরে বেড়েছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানাও হয়েছে যে হাওয়া এদিন বিকেলে কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৭ শতাংশ।





