ভোরে বসন্তের ছোঁয়া, দিনে চড়ছে পারদ! কতদিন চলবে এই আবহাওয়া, কি বলছে আবহাওয়ার দপ্তর?

সবে মাত্র মার্চের শুরু, কিন্তু এর মধ্যেই গরমের দাপট ভালোই টের পাচ্ছেন কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দারা। দিনের বেলা তাপমাত্রা বাড়ার পাশাপাশি রোদের প্রখরতা বাড়তে শুরু করেছে। তবে এখনো ভোর এবং রাতের দিকে খানিকটা স্বস্তি মিলছে। বসন্তের এই মৃদু পরশ বেশ কিছুদিন থাকবে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দু’দিন কিছুটা স্বস্তির বাতাবরণ বজায় থাকবে। সকাল ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় গরম বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত মিলেছে, যা সাময়িক স্বস্তি দেবে বাসিন্দাদের। তবে এই আরামদায়ক আবহাওয়া কতদিন থাকবে, তা নিয়ে চিন্তিত আবহবিদরাও।

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, আগামী দু’দিনের জন্য কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে এই স্বস্তি খুব বেশিদিন থাকবে না। শনিবার থেকেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উইকএন্ডে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা আরও অস্বস্তি বাড়াবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে উত্তরের পাহাড়ি জেলাগুলিতে এর মধ্যেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দার্জিলিং এবং কালিম্পং-এ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আরও পড়ুনঃ শনি নিয়ে আসছে সৌভাগ্যের বার্তা! ২৯ মার্চ থেকে বদলে যাবে এই ৩ রাশির জীবন?

তবে এই বৃষ্টি তাপমাত্রার ওপর বিশেষ প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় চার দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে গরমই বাড়বে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরমের হাত থেকে স্বস্তি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles