আর জি কর কাণ্ডের জেরে এই মুহূর্তে গোটা রাজ্য তথা দেশ উত্তাল। দিকে দিকে চলছে আন্দোলন-প্রতিবাদ। ন্যায় বিচারের দাবীতে সরব হয়েছেন সকল স্তরের মানুষ। এই প্রতিবাদের আবহেই এবার কলকাতায় ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। সরকারি হাসপাতালে শ্লীলতাহানির শিকার মহিলা। এই ঘটনায় তুমুল শোরগোল শহরে।
ঘটনাটি ঘটেছে কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ওয়ার্ডে নিজের অসুস্থ সন্তানের পাশে শুয়েছিলেন মহিলা। সেই সময় রাতের অন্ধকারে হাসপাতালের দোতলার ওই শিশু ওয়ার্ডে প্রবেশ করে এক ওয়ার্ড বয়। তার হাতে মোবাইল ধরা ছিল।
অভিযোগ, সেই সময়, মহিলাকে অশালীনভাবে স্পর্শ করে ওই ওয়ার্ড বয়। এমনকি, মহিলার পোশাক টেনে খোলার চেষ্টা করে অভিযুক্ত। সেই সময় মোবাইল চালু ছিল তার। পোশাক খোলার ভিডিও বানায় ওয়ার্ড বয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। এই ঘটনায় ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই ওয়ার্ড বয়ের নাম তনয় পাল। সুভাষগ্রামের বাসিন্দা সে। আদি বাড়ি ত্রিপুরায়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাকে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
আরও পড়ুনঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, আগুনে পুড়ে ছাই কারখানা, গোটা এলাকা ঢাকল কালো ধোঁয়ায়
প্রসঙ্গত, আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সরকারি হাসপাতালে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিতে প্রশ্ন উঠেছিল। এবার ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতাল। কিছুদিন আগেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়া অভিযোগ উঠেছিল। ‘আর জি কর বানিয়ে দেব’ এমন হুমি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর এবার সরকারি হাসপাতালে মহিলার শ্লীলতাহানির খবর মিলল। শহরের কোথাও কী সুরক্ষিত মহিলারা? উঠছে প্রশ্ন!






