‘শেষতম চেষ্টা’! ফের মুখ্যমন্ত্রীর বাসভবনেই বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি, সোমবারই বৈঠকে ডাকা হল আন্দোলনরত চিকিৎসকদের, যোগ দেবেন তারা?

বারবার ভেস্তে গিয়েছে বৈঠক। দু’পক্ষ সামনাসামনি হলেও বৈঠক শেষ পর্যন্ত হয়নি। এবার আজ, সোমবার সকালে ফের মুখ্যসচিবের তরফে ইমেল গেল জুনিয়র চিকিৎসকদের কাছে। আজই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই ফের বৈঠকে আহ্বান জানানো হয়েছে তাদের। তারা এবার সেই ডাকে সাড়া দেন কী না, সেটাই দেখার!

এদিনের পাঠানো ইমেলে লেখা হয়েছে, “গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে”।

জানা গিয়েছে, কালীঘাটে বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের আজ, সোমবার বিকেল ৫টায় ডাকা হয়েছে সরকারের তরফে। যারা আগের দিন বৈঠকের জন্য গিয়েছিলেন, তাদেরই আজ উপস্থিত থাকতে বলা হয়েছে ওই চিঠিতে। জুনিয়র চিকিৎসকদের অনুরোধ করা হয়েছে তারা যাতে আজ বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে কালীঘাটে পৌঁছে যান। এর উত্তর কী হবে, সেই নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় জুনিয়র চিকিৎসকরা।

বলে রাখি, এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক ভেস্তে যায় জুনিয়র চিকিৎসকদের। গত বৃহস্পতিবার নবান্নের ডাকে জুনিয়র চিকিৎসকরা নবান্নে যান বৈঠকের জন্য। তবে তাদের শর্ত ছিল বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে। তাতে সরকার কোনওভাবেই রাজি না হওয়ায় সেই বৈঠক হয়নি।

এরপর গত শনিবার বেলার দিকে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলে। এদিনও তাদের মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটে বৈঠকের আহ্বান জানানো হয়। জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের দল গিয়েওছিলেন সেখানে। কিন্তু বৈঠকের লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি নিয়ে দাবী তোলেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডের আবহেই ফের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শিশু হাসপাতালে কুকীর্তি, রোগীর মায়ের পোশাক খোলার চেষ্টা

এই নিয়ে শুরু হয় জটিলতা। সরকারের তরফে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি কোনও কিছুরই অনুমতি দেওয়া হয় না। সেস পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফির দাবী থেকে সরে আসেন বাধ্য হয়ে। কিন্তু সেদিন তাদের বলা হয়, অনেক দেরি হয়ে গিয়েছে, সেই কারণে বৈঠক সম্ভব নয়। এবার আজ ফের বৈঠকের আহ্বানে চিঠি গেল জুনিয়র চিকিৎসকদের কাছে। তারা এই চিঠির জবাবে কী জানান, এখন সেটাই দেখার!   

RELATED Articles