অবশেষে আমজনতার ভোগান্তি দূর হবে। দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। আজ, শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হল। তবে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন।
গত মে মাসে করোনার বাড়বাড়ন্তের কারণে রাজ্যে জারি করা হয় লকডাউন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় নানান গণপরিবহণ পরিষেবা। স্বাভাবিকভাবেই বন্ধ করে দেওয়া হয় লোকাল ট্রেনও। এরপর সংক্রমণ খানিকটা কমলে বাস, মেট্রো চালানোর অনুমতি দেওয়া হলেও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি নবান্নের তরফে।
ট্রেন চালানোর দাবী নিয়ে নানান স্টেশনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন নিত্যযাত্রীরা। কিন্তু লাভ কিছুই হয়নি। সরকারের দাবী ছিল যে লোকাল ট্রেন চালালে করোনা সংক্রমণ আরও বাড়বে। তবে করোনা আবহে জরুরি পরিষেবা দিতে চালু ছিল স্টাফ স্পেশ্যাল ট্রেন। বর্তমানে পেট্রল স্পেশ্যাল ট্রেনও চলছে।এই ট্রেনেও সাধারণ যাত্রীদের যাতায়াত করতে দেখা গিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের তরফে অনেকদিন আগেই জানানো হয়েছিল যে তারা ট্রেন চালানোর জন্য প্রস্তুত। নবান্ন থেকে অনুমতি মিললেই গড়াবে ট্রেনের চাকা। অবশেষে আজ লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল নবান্ন। আগামী রবিবার ৩১শে অক্টোবর থেকেই রাজ্যে ফের চলবে লোকাল ট্রেন। তবে নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপাতত ৫০ শতাংশ যাত্রী লোকাল ট্রেনে চড়তে পারবে। যা নিয়ে মতভেদ দেখা দিয়েছে রেল আধিকারিকদের একাংশের মধ্যে।





