বঙ্গে বিধানসভা ভোট নিয়ে বাক্-যুদ্ধ চরমে তৃণমূল-বিজেপির। বাংলার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে কোন দল তা বোঝাতে নিত্য একে অপরকে আক্রমণ করে চলেছে রাজ্যের শাসক বিরোধী শিবির।
রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্রমশই আক্রমণের সুর
চড়াচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ অর্থাৎ বুধবার সাতসকালে খড়গপুরে চা চক্রে ‘পিসি-ভাইপো’কে এক প্রকার তুলোধোনা করলেন এই নেতা। এদিন তিনি বলেন, ‘পিসি আর ভাইপোর অত্যাচারে আতঙ্কে রয়েছে খড়গপুর। এই অত্যাচার থেকে মুক্তি দেবে BJP’। পাশাপাশি মমতাকে নিশানা করে নাড্ডা বলেছেন, ‘মমতাদি চলে যাবেন এবার, পদ্মফুল ফুটবে’।
এদিন খড়গপুরের চা চক্রে প্রথম থেকেই তাঁর টার্গেট ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে গেরুয়া় শিবিরের সর্বভারতীয় সভাপতি বলেন, ‘কেন্দ্রের সমস্ত প্রকল্প আটকে দিচ্ছেন। মমতাদি এত রাগ কেনও আপনার? সকলে এখন মা-মাটি-মানুষের সরকারকে ধিক্কার দেয়। এবার ক্ষমতা ছাড়তেই হবে তৃণমূলকে’। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে নাড্ডা বলেন, ‘আয়ুষ্মান ভারতের সুবিধা কি পান আপনারা? মোদীজির সরকার হলে সমস্ত সুবিধা পাবেন’। এরপরই নাড্ডার প্রশ্ন, ‘চাল চোর কে?’ দলীয় কর্মী-সমর্থকরা সঙ্গে সঙ্গে বলেন, ‘তৃণমূল’। উত্তর পেয়ে নাড্ডা বলেন, ‘দেখুন আমি কিন্তু বলছি না। আপনারাই বলছেন’।
এরপরই তিনি বলেন, বাংলার রিফাইনারি প্রকল্পে ৪৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে হাইওয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ২৫,০০০ কোটি টাকা।
একইসঙ্গে নাড্ডা জানিয়েছেন এই প্রকল্প গুলি তখনই বাস্তবায়িত হবে যখন মমতা সরকার সরে গিয়ে বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অর্থাৎ মঙ্গলবার তারাপীঠের চিলার মাঠের সভায় নাড্ডা বলেছিলেন, ‘মমতা দিদির রাজ্যে বাংলার সংস্কৃতি সঙ্কটে পড়েছে। এই সরকারের পরিবর্তন চাই। পরিবর্তন যাত্রা আমাদের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।’ বাংলায় বলেছেন, ‘অনেক হয়েছে মমতা দিদি, পরিবর্তন চাইছে বাংলা। মোদীর নেতৃত্বে বাংলায় বদল হচ্ছে, তিনি বার বার বাংলায় আসবেন।’ দফা দফায় বঙ্গ সফরে তৃণমূলকে কটাক্ষ করে বলেন ‘তৃণমূল ভয় পাচ্ছে। মমতাজি এত ভয় পাচ্ছেন কেন?’ কাটোয়ায় তিনি রাজ্যের কৃষকদের উদ্দেশ্য বলেছেন, ‘কৃষক আইনে কৃষকদের সুবিধা চায় কেন্দ্র। বাংলায় জমির অভাব নেই, সেচেয় কাজ তেমনভাবে হয়না। রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। বিজেপিকে চাইছে। দূর্গা মা-র নামে শপথ, কৃষকদের নিয়ে পরিবর্তন আনবে বিজেপি। কৃষকদের বাজেটে মোদী সরকার ৬ গুণ বাড়িয়েছে। রাজ্যে বিজেপি এলে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব।’