WB Election 2021: বাংলায় চালু হয়নি সপ্তম বেতন কমিশন, অভিযোগ কর্মচারীদের সময়মতো বেতন না দেওয়ারও, পুরনো ক্ষতে আঘাত মোদীর

সামনেই বিধানসভা নির্বাচন। এর আগে কেন্দ্র-রাজ্য সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। প্রায় চার বছর আগের থেকেই সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতাতেই পড়ে রয়েছেন। সেই ক্ষতে ফের একবার নতুন করে আঘাত আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ, রবিবার হলদিয়ার সভায় একাধিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন মোদী। বলেন, “সপ্তম কমিশনও দেশে লাগু হয়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ বেতন কমিশন চলছে। আমাকে তো বলা হয়েছে যে এখানকার সরকার নিজেদের কর্মচারীদের সময় মতো বেতনও দিতে পারছে না”।

এমনিও ডিএ ও বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে, ক্ষমতায় এসে ২০১৬ সালে জুন মাসেই বেতন কমিশনে ছাড় পায় মোদী সরকার। এই কারণে ওড়িশা, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশের সরকারী কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। কিন্তু তখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনও লাগু হয়নি।

অবশেষে গত বছরের ১লা জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়  এ রাজ্যে ও সরকারী কর্মচারীরা সেই অনুযায়ী বেতন পেতে শুরু করেন। সে সময় দেখা যায় কেন্দ ও রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ-র ফারাকও বিস্তর। তব্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্যের রাজকোষে টাকা নেই। কিন্তু এই কথায় কোনও লাভ হয় না। ক্ষোভের সৃষ্টি হতে পারে বুঝে গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে চলতি বছরের শুরুর থেকেই তিন শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সরকারী কর্মচারীরা। এই পরিস্থিতিতে ফের একবার সপ্তম বেতন কমিশনের কথা তুলে পুরনো ক্ষতে আঘাত করলেন মোদী।

এদিন মঞ্চে দাঁড়িয়ে মোদী আরও অভিযোগ তোলেন যে রাজ্যের সরকারী কর্মচারীদের সময় মতো বেতন দেওয়া হয় না। তবে এ নিয়ে তৃণমূল কোনও মন্তব্য করেনি। এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার দাবী তোলেন যে অনেক টানাটানি থাকলেও তা উপেক্ষা করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্য সরকার বেতন নিয়ে কোনও সমস্যার সৃষ্টি করেনি। বরং মাসের পয়লা তারিখের মধ্যেই সব কর্মচারীরা বেতন পেয়েছেন বলে জানান তিনি।

RELATED Articles