গত সপ্তাহেই হলদিয়াতে সভা সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে আবার শোনা যাচ্ছে এই মাসেই ফের একবার রাজ্যে আসতে পারেন তিনি। এই কারণেই সভার জন্য হুগলিতে মাঠ পরিদর্শন করতে গেলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ২২শে ফেব্রুয়ারি হুগলিতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী।
সামনেই বিধানসভা নির্বাচন। বাংলাতে পদ্মফুল ফোটানোর অঙ্গীকারবদ্ধ হয়েছে বিজেপি। এই কারণে নানান কেন্দ্রীয় নেতা বাংলায় সভা করতে আসছেন প্রায়শই। প্রধানমন্ত্রীও যে বাংলায় নির্বাচনের জন্য সভা করবেন, এ নতুন কিছু নয়। তবে প্রশ্ন একটা জায়গাতেই যে, এদিন কী শুধুই রাজনৈতিক সভা করবেন মোদী নাকি কোনও সরকারী অনুষ্ঠানও রয়েছে।
এ মুহূর্তে কোনও সরকারী অনুষ্ঠান বলতে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠান। তবে আগামী ২২শে ফেব্রুয়ারি যদি প্রধানমন্ত্রী কোনও সরকারী অনুষ্ঠান করেন, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এরই মধ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হচ্ছে না।
আসলে, ভোটের দিনক্ষণ ঘোষণার অর্থ নির্বাচন কমিশনের সমস্ত বিধি রাজ্যে কার্যকর হয়ে যাওয়া। এই নিয়ম অনুযায়ী, ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর কোনও সরকারী প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করা যায় না।
গত রবিবার হলদিয়ায় আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রথম রাজনৈতিক সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর সরকারী কর্মসূচীও ছিল। এদিন হলদিয়ায় এলপিজি ইমপোর্ট টার্মিনাল, গ্যাস পাইপলাইনের প্রকল্প, ও ৪১ জাতীয় সড়কের উপর উড়ালপুল উদ্বোধন করেন মোদী। এরপর আগামী ২২শে ফেব্রুয়ারি মোদী আদৌ রাজ্যে কোনও রাজনৈতিক সভার সঙ্গে সঙ্গে কোনও সরকারী অনুষ্ঠানও করেন কী না, এখন সেটাই দেখার।





