বিজেপির নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) জেরে গতকাল হাওড়া ও কলকাতার একাংশ বেশ উত্তপ্ত হয়। এই ঘটনায় গুরুতর জখম হন বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত (Minadevi Purohit)। এই ঘটনার রিপোর্ট তলব করে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) চিঠি পাঠালেন কলকাতার পুলিশ কমিশনার (Commissioner of Police) বিনীত শর্মাকে।
রাজ্য সরকারের নানান দুর্নীতির প্রতিবাদ জানিয়ে গতকাল, মঙ্গলবার নবান্ন অভিযান ডাক দিয়েছিল বিজেপি। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই, তিনদিক থেকে বের হয় বিজেপির মিছিল। এদিন বড়বাজার থেকে যে মিছিল শুরু হয়, সেই মিছিলের সামনেই ছিলেন বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত। পুলিশ এই মিছিলে বাধা দেয়। আর এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়ান বিজেপি কর্মীরা। এসবের মধ্যে মাথা ফাটে মিনাদেবীর। এর কিছুক্ষণ পরই জাতীয় মহিলা কমিশনের তরফে এই ঘটনা নিয়ে টুইট করা হয়।
এই ঘটনার কথা উল্লেখ করে গতকালই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এই ঘটনার রিপোর্ট তলব করেছেন তিনি। এমনকি, একটি টুইটের মাধ্যমে তিনি এই ঘটনার কথা জানতে চান।
পুরুষ পুলিশ কর্মী বিজেপি নেত্রীকে মারধর করেছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারা অনুযায়ী শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্যে মহিলাদের উপর হামলা, অপরাধমূলক বলপ্রয়োগ, ৩২৩ নম্বর ধারা অনুযায়ী ইচ্ছাকৃত আঘাত ও ১৬৬ নম্বর ধারা অনুযায়ী মামলার আর্জি জানান তিনি।
উল্লেখ্য, গতকাল বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে এক ধুন্ধুমার কাণ্ড বাঁধে হাওড়া-সাঁতরাগাছি চত্বরে। পুলিশের সঙ্গে বচসা, খণ্ডযুদ্ধে জড়ান বিজেপি নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামানো হয় র্যাফ। পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। গ্রেফতার করা হয়েছিল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে। সব মিলিয়ে বিজেপির নবান্ন অভিযানের জেরে হাওড়া ও কলকাতার একাংশ রণক্ষেত্রে পরিণত হয়েছিল বলা যায়।





