সম্প্রতি নতুন করে জাতীয় শিক্ষানীতি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয়েছিল যে সমস্ত রাজ্যের সঙ্গে কথা বলেই এই শিক্ষা নীতি চূড়ান্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এই শিক্ষা নীতি নিয়ে আগেই আপত্তি উঠেছিল, বলা হয়েছিল যে কেন্দ্র রাজ্য থেকে এই বিষয়ে কোনো পরামর্শ নেয়নি। এবার কেন্দ্রকে নিজের মতামত জানাতে রাজ্য সরকারের তরফ থেকে ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি মতামতের খসড়া তৈরি করবেন।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ এই ঘোষণা করেন। তিনি জানান যে এই কমিটিতে থাকছেন, সৌগত রায়, অভীক মজুমদার, সুরঞ্জন দাস, সব্যসাচী বসু রায়চৌধুরী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, পবিত্র সরকার। এছাড়াও পার্থবাবু জানিয়েছেন যে আগামী ১৫ই আগস্টের মধ্যে রাজ্যের শিক্ষক সংগঠনগুলোকেও নিজস্ব মতামত পাঠাতে বলা হয়েছে রাজ্যের কাছে। তিনি আরো জানিয়েছেন যে রাজ্যের কোন শিক্ষাবিদ যদি এই বিষয়ে নিজের মতামত জানাতে চান তাহলে ১৫ই আগস্ট এর মধ্যে তারা রাজ্যের কাছে ই-মেল মারফত তাদের মতামত পাঠাতে পারবেন।
সমস্ত মতামত একত্রিত করে কেন্দ্রের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার সাফ বক্তব্য যে কেন্দ্র তাদের সঙ্গে আলোচনা না করেই এই নতুন জাতীয় শিক্ষা নীতি ঘোষণা করে দিয়েছে। এই বিষয়টি অনুচিত। সেই জন্যেই রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে এই বিষয়ে মতামত পাঠানো হচ্ছে।





