আসছে বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন ঘিরেই গোটা দেশের নজর এখন বাংলার ওপর। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী হোক বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বাংলা যেটার আকাঙ্ক্ষা সবার মধ্যে। সম্প্রতি মিটেছে বিহার নির্বাচন। মোদী ম্যাজিকে ভরসা করে ফের মসনদ দখল করেছে NDA সরকার।
বিহারে তাৎপর্যপূর্ণভাবে পাঁচটি আসন দখল করেছে আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) দল মিম। এবার তাদেরই প্রধান লক্ষ্য বাংলা। এক প্রকার হুমকিও দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই মিম (AIMIM) প্রধান। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলার শাসক শিবির।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে। কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার জেলার এই আটটি আসন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা মালদহের লাগোয়া। বিহারে এই আটটি আসনেই লড়েছে মিম। কংগ্রেস মহাজোটের থেকে চারটি আসন ছিনিয়ে নিয়েছে মিম।
বাংলার মিম নেতাদের দাবি, এখানে তাঁরা মূলত চারটি জেলাকে টার্গেট করছেন। এই তালিকায় রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনা। বাংলায় মিমের বীরভূম জেলা সভাপতি মনসুর রহমানের কথায়, বিহারে পাঁচটা আসনে জয়ের পর গতকাল হায়দরাবাদ থেকে ফোন আসে। বলা হয়েছে, বাংলার চারটে জেলাকে নজরে রাখতে হবে। এই চার জেলায় লড়াই করব। বীরভূমেও চারটি আসনে জিততে পারে দল।
এই চারটি জেলার মধ্যে উত্তর দিনাজপুর বিহার সীমানা ঘেঁষা। সংখ্যালঘু মানুষের সংখ্যা প্রায় ৫০ শতাংশ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভার মধ্যে তৃণমূল ৫টিতে ও বিজেপিতে ৪টিতে এগিয়ে। অর্থাৎ মিম সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তৃণমূলের ক্ষতি হওয়ার জোরাল সম্ভাবনা। মিমের উত্তর দিনাজপুরের জেলা পর্যবেক্ষক মহম্মদ মুজাফ্ফর আনোয়ার বলেছেন, বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা সাড়ে তিন লক্ষ। সামনেই নির্বাচন। ওয়েসির কাছে চাইব আমাদের বেশিরভাগ আসনে যাতে প্রার্থী দিতে পারি।
মুর্শিদাবাদের জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ মুসলিম। সংখ্যালধু অধ্যুষিত আরও একটি জেলা মালদায় প্রায় ৫১ শতাংশ মুসলিম। মালদায় সবকটি আসনে প্রার্থী দিতে দল তৈরি বলে জানিয়েছেন জেলা আহ্বায়ক মোতিউর রহমান। সংখ্যালঘু অধ্যুষিত উত্তর ২৪ পরগনায় প্রায় ২৬ শতাংশ মুসলিমের বাস। জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ২১টিতে ও বিজেপি ১২টিতে এগিয়ে।
দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৩৬ শতাংশ মুসলিম সম্প্রদায়ের বাস। এই জেলায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য।জেলার ৩১টি আসনের মধ্যে সবকটিতেই এগিয়ে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে এই দু’টি জেলাও মিমের নজরে।





