বাংলায় (West Bengal) এখনই চালু হচ্ছে না নয়া জাতীয় শিক্ষানীতি (NEP 2020), স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ কেন্দ্রের সঙ্গে এই ব্যাপারে ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী (Education Minister)।
বর্তমানে করোনার সঙ্গে লড়াই করাই গুরুত্বপূর্ণ রাজ্যের কাছে, তাই রাজ্যে এখনই চালু হবে না নয়া জাতীয় শিক্ষানীতি (NEP 2020)। এর আগে এই বিষয়ে কেন্দ্রের বিরোধিতা করেছিল তামিলনাড়ু সরকার। তারা স্পষ্ট জানিয়েছিল যে নতুন জাতীয় শিক্ষানীতি (NEP 2020) তাদের রাজ্যে চালু করা সম্ভব না। এবার করোনা (CoronaVirus) পরিস্থিতিকে ঢাল করে সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ (West Bengal)।
আজ কেন্দ্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বেশ কিছু প্রশ্নের জবাব মেলেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষানীতিতে যে পড়াশোনার নয়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তার আর্থিক সংস্থান কোথা থেকে হবে? এই ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যের কতটা ভূমিকা থাকবে? এইসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি বলে রাষ্ট্রপতির ডাকা ভার্চুয়াল বৈঠকে আজ অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
১৯৮৫ সালের পর দেশের শিক্ষাব্যবস্থার সম্পূর্ণ নয়া আঙ্গিক দিতে তৈরি করা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি (NEP 2020)। এই শিক্ষানীতি রাজ্যগুলির শিক্ষা ব্যবস্থায় কীরকম ভাবে প্রণয়ন করা হবে তা নিয়ে পরামর্শ দিতে রাজ্যগুলিকে আজ ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) ডেকেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)।
বৈঠকের প্রথমার্ধে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং তিনি এই জাতীয় শিক্ষানীতি প্রণয়নের পক্ষে সওয়াল করেন। এরপরে বাকি রাজ্যগুলি নিজেদের মতামত পেশ করে। পশ্চিমবঙ্গের ডাক পড়ে সবার শেষে।
মিনিট তিনেকের সংক্ষিপ্ত বক্তব্যে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) মূলত কয়েকটি প্রশ্ন তোলেন, নয়া পরিকাঠামো গড়ে তুলতে অর্থ কোথা থেকে আসবে? সেখানে রাজ্যের কতটা দায়িত্ব? কেন্দ্রের তরফেই বা কতটা আর্থিক সহযোগিতা মিলবে? নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার মধ্যে বাংলা ভাষা কেন নেই?
এর পরেই তিনি সাংবাদিক বৈঠক করেন এবং জানিয়ে দেন যে পশ্চিমবঙ্গে এখনই নয়া জাতীয় শিক্ষানীতি (NEP 2020) প্রণয়ন করা হবে না। কারণ তিনি যে প্রশ্নগুলি কেন্দ্রকে করেছেন সেই সম্বন্ধে তিনি কেন্দ্রের কোন সদর্থক উত্তর পাননি বলে অভিযোগ, এছাড়াও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মধ্যে অন্তর্ভুক্তি না করে কেন্দ্র শিক্ষাকে বাণিজ্যিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। বহু ভাষাভাষীর দেশ ভারত, সেখানে কেন্দ্র গুরুত্বপূর্ণ ভাষাগুলিকেই সরিয়ে দিতে চাইছে। তাই রাজ্যে মানা হচ্ছে না এই জাতীয় শিক্ষানীতি।





