অবশেষে দুর্যোগ কাটল! এবার কী শহরে জাঁকিয়ে শীত পড়বে? কী জানাল আবহাওয়া দফতর?

অবশেষে বৃষ্টি কেটে পরিস্কার হয়েছে আকাশ। রোদের দেখা না মিললেও বৃষ্টি হয়নি আজ সকাল থেকে। আজ, মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

সপ্তাহের শেষেই পারদ নামতে পারে বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তা ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরতে শুরু করেছে।

জাওয়াদের সরাসরি প্রভাব না পড়লেও নিম্নচাপের জেরে গতকাল, সোমবার কলকাতা ও উপকূলবর্তী এলাকায় দিনভর বৃষ্টি হয়। সমুদ্র উপকূল ও উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে,। কলকাতা, হাওড়া, হুগলী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়।

টিকিয়াপাড়া থেকে দাশনগর, নানান জায়গায় বৃষ্টির জেরে জল জমে। তবে সেই জল ধীরে ধীরে নামতে শুরু করেছে। মঙ্গলবার পরিস্কার আবহাওয়া দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

জাওয়াদ নিয়ে সতর্ক করেছিল প্রশাসন। বৃষ্টি নিয়ে ছিল সতর্কতা জারি। তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। এরপরই তাই প্রশ্ন উঠছে, শহরে শীত কবে পড়বে? আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যেই শহরে জাঁকিয়ে শীত পড়তে পারে।

তবে এই নিম্নচাপের জেরে ক্ষতির মুখ দেখতে হয়েছে চাষিদের। বৃষ্টিপাতের পূর্বাভাষের জেরে আগের থেকে মাঠের ধান তুলে নিলেও, মাঠে ফের জল ঢুকতে শুরু করেছে। নিম্নচাপের জেরে আলু ও সব্জির জমিতে জল জমে রয়েছে। এদিকে নিকাশি ব্যবস্থা ভালো না থাকার দরুন গ্রামে জল ঢুকছে। ধানের গাদাতে জল ঢুকছে। এর জেরে বেশ বিপদে পড়েছেন চাষিরা।

আরও অন্যান্য খবর