করোনায় রাজ্যে আক্রমণের হার ক্রমশ বাড়ছে। কড়া হাতে রাজ্যে পালন করা হচ্ছে লকডাউন। কিন্তু এবার খোদ রক্ষকেরই ভক্ষক হয়ে ওঠার অভিযোগ উঠল।
উত্তর দমদম পুরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জু মিশ্র ও তার সঙ্গীদের বিরুদ্ধে রেশন দোকান থেকে হুমকি দিয়ে ১০ বস্তা চাল লুঠ করার অভিযোগ উঠল। গত মাসের ৩০শে তারিখ ২১ নং ওয়ার্ডের শ্রীনগরের রেশন দোকান থেকে ১০ বস্তা চাল তুলে নিয়ে আসেন অঞ্জু ও তাঁর সাঙ্গপাঙ্গরা কোন টাকা পয়সা না দিয়েই। এরপরে রেশন দোকানের মালিক কাজল বাবু তার সংগঠনকে গোটা বিষয়টি জানায়। তারপরে বিষয়টি কানে যায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি নিমতা থানার পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। এরপর কাউন্সিলর ও তার সঙ্গীদের বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলর ও তার অনুগামীর বাড়ি থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে নিয়ে যায়।
এ দিকে এই ঘটনার পর তৃণমূল নেতৃত্ব বৈঠকে বসে। যদিও এই বৈঠক নিয়ে পুরপ্রধান ও স্থানীয় তৃণমূল সভাপতির মুখে দুরকম কথা শোনা যায়। পুরপ্রধান সুবোধ চক্রবর্তী দলীয় বৈঠক বলে বিষয়টি এড়িয়ে গেলেও স্থানীয় তৃণমূল সভাপতি বিধান বিশ্বাস বলেন, এই নিয়ে বৈঠক হয়েছে। তার বিশ্বাস কাউন্সিলর এই কাজে জড়িত নয়, কেউ বা কারা দল বা কাউন্সিলরকে বদনাম করতেই এই কাজ করেছে।
অন্যদিকে, রেশন ডিলারদের সংগঠনের সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, তৃণমূল নেতাদের এই তোলাবাজিতে মদত রয়েছে খোদ খাদ্যমন্ত্রীর। তার পরেও তাঁকেই এব্যাপারে জানাই। বোঝানোর চেষ্টা করি এতে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে।
যদিও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, কোথাও কেউ রেশন ডিলারদের ওপর জোর জুলুম করলে পুলিশকে জানাতে বলেছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।





