দেখতে দেখতে তিনদিন হয়ে গিয়েছে, রাজ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলছে লোকাল ট্রেন। কিন্তু এরমধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ের ধাক্কায় ট্রেন থেকে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে মারাত্মক আহত হলেন ৭৫ বছরের এক বৃদ্ধ।
ঘটনাটি ঘটেছে বারুইপুর স্টেশনে। গতকাল সকাল ন’টার সময় শশধর নস্কর (৭৫) এবং তার স্ত্রী নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ বারাসাত স্টেশন থেকে আপ লক্ষ্মীকান্তপুর ট্রেনে ওঠেন। এমনিতেই শিয়ালদহ শাখার ট্রেনে অত্যন্ত ভিড় হয় এবং দীর্ঘ আট মাস পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সেইসময় অফিস যাত্রীদের অত্যন্ত ভিড় ছিল প্রতিটা ট্রেনে। সামাজিক দূরত্ব না মেনেই চলছিল ঝুঁকির যাতায়াত।
এরপর বারুইপুর স্টেশনে নামতে গিয়ে ট্রেন থেকে ভিড়ের ধাক্কায় প্লাটফর্মে পড়ে গিয়ে গুরুতর আহত হন শশধর বাবু। প্ল্যাটফর্মেই তিনি শুয়ে পড়েন। উপস্থিত অন্যান্য যাত্রীরা এবং রেল পুলিশ এসে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আপাতত বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আসলে লোকাল ট্রেন পরিষেবা ১০০% চালু না হয়েই ওই অল্পসংখ্যক ট্রেনেই পুরো যাত্রীদের ভিড় বাড়ছে। বর্তমানে অফিস কাছারি সম্পূর্ণ খুলে যাওয়ায় আস্তে আস্তে অফিস যাত্রীরাও ট্রেনে করে যাতায়াত শুরু করেছেন কিন্তু দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান অনেকটাই হওয়ায় ট্রেন গুলিতে ভিড় বাড়ছে তার ফলে ঘটছে এরকম অপ্রীতিকর ঘটনা। তাই রাজ্য সরকার রেলের কাছে আর্জি জানিয়েছে সম্পূর্ণ ১০০% ট্রেন চালানোর জন্য যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যময় যাতায়াত করতে পারেন।





