এবার জব কার্ডের ক্ষেত্রেও কাটমানির অভিযোগ উঠল এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। গতকাল, মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেও চলে বিক্ষোভ।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আদড়া গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্ত তৃণমূল পরিচালিত গলসি এলাকার পঞ্চায়েত প্রধান। গ্রামবাসীদের অভিযোগ, করোনা পরিস্থিতির কারণে গ্রামের অনেকেরই কাজ গিয়েছে। এখন ১০০ দিনের কাজের উপর নির্ভর করেই জীবন চালাচ্ছেন গ্রামের মানুষ। এদিকে জব কার্ড চলে এলেও পঞ্চায়েত প্রধান সেই জব কার্ড আটকে রেখেছেন বলে দাবী গ্রামবাসীদের। তাদের অভিযোগ, সেই জব কার্ড চাইতে গেলে টাকা চাওয়া হচ্ছে তাদের থেকে।
এরপরই গতকাল, মঙ্গলবার গ্রামবাসীরা এই বিরুদ্ধে সরব হন। তাদের ক্ষোভ আছড়ে পড়ে পঞ্চায়েত প্রধানের উপর। পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। পরে বিডিও ও পুলিশ গিয়ে আশ্বাস দিলে তাদের বিক্ষোভের আঁচ কিছুটা কমে। তবে এই দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ নাকোচ করে দিয়েছেন সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান।
আরও পড়ুন- নবান্নে এসে মমতার সঙ্গে সাক্ষাতের পর তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো
তবে ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের দাবী, শাসকদলের একাংশ নানা রকম অনিয়মের সঙ্গে যুক্ত। গ্রামবাসীরাই এবার সেই অভিযোগ করেছেন।
তবে শাসকদলের লোকজন এই দুর্নীতির অভিযোগ স্বীকার করতে চান নি। এই গোটা বিযয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন তাঁরা । প্রশাসনিক আধিকারিকরাও এই বিষয়ে খোঁজখবর করা শুরু করেছেন। সত্যিই কেউ এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।





