‘আমি ওদের বিশ্বাস করেছিলাম’, সিবিআই জেরায় বিস্ফোরক মন্তব্য পার্থর, ‘ওদের’ বলতে কাদের দিকে ইঙ্গিত ছুঁড়লেন প্রাক্তন মন্ত্রী?

এবার সিবিআই (CBI) জেরার মুখে পড়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জানা গিয়েছে, তিনি সিবিআই আধিকারিকদের জানিয়েছেন, “আমি ওদের বিশ্বাস করেছিলাম”। রাজনৈতিক মহলের মতে, এখানে ‘ওদের’ বলতে শান্তিপ্রসাদ সিনহা (Shanti Prasad Sinha) ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Ganguly) কথা বলতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের জেরার মুখে পড়ে আর কী কী তথ্য দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দফায় দফায় জেরা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। এই মামলার জট ছাড়ানোর জন্য বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এই মুহূর্তে কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহাও রয়েছেন সিবিআই হেফাজতে। তাদেরও জেরা করছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই জেরার মুখে পড়ে অনেক তথ্যই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থর কথায়, “দফতর থেকে ফাইল আসত। আমি শুধু সই করতাম। আমার ভূমিকা খুবই কম ছিল। আমি ওঁদের উপর বিশ্বাস করেছিলাম”। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের এও বয়ানের পর কল্যাণময় ও শান্তিপ্রসাদকে ফের জেরা করবে সিবিআই। পার্থর বয়ানের সঙ্গে তাদের বয়ান মিলিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে হঠাৎই অসুস্থ বোধ করছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণে গতকাল, রবিবার সকালে নিজাম প্যালেসে চিকিৎসককে ডেকে পাঠানো হয়। আগামী ২১শে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে নিজাম প্যালেসেই থাকতে হবে পার্থকে। দুপুর আড়াইটে নাগাদ সেখানে পৌঁছন চিকিৎসক। তাঁর শারীরিক অবস্থা দেখার পর হাসপাতালে ভর্তি না করার সিদ্ধান্ত নেয় সিবিআই।

পার্থর পাশাপাশি শারীরিক পরীক্ষা করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। সিবিআইয়ের মতে, নবম, দশম ও সহকারী শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। আর শান্তিপ্রসাদ সিনহা আই চক্রের অন্যতম ষড়যন্ত্রী। তাঁর মাধ্যমেই মোটা অঙ্কের লেনদেন হয়েছে তাই তাঁকে জেরা করা খুব প্রয়োজন। সিবিআইয়ের আইনজীবীর দাবী, শান্তিপ্রসাদও জেরায় অসহযোগিতা করেছেন।

RELATED Articles