‘এত এত চাকরি হচ্ছে, কিন্তু টাকা কোথায়’, মানিককে ধমক দিয়ে প্রশ্ন করেছিলেন পার্থ, দাবী ইডির

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) গ্রেফতার হতেই নানান চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডির। ইডির খবর অনুযায়ী, পার্থ (Partha Chatterjee) ও মানিকের সম্পর্ক ভালোই ছিল। কিন্তু চাকরির টাকা ভাগাভাগি নিয়ে দু’জনের সম্পর্কে চিড় ধরে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানিককে রীতিমতো ধমক দিয়েছিলেন পার্থ। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, পার্থ মানিককে প্রশ্ন করেছিলেন যে এত যে চাকরি হচ্ছে, কিন্তু টাকা যাচ্ছে কোথায়?

ইডি সূত্রে খবর অনুযায়ী, পার্থ–মানিককে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে টাকার ভাগ নিয়ে ওই ঝগড়ার কথা তোলা হয়। তখন দু’জনেই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। এমনকী তথ্যপ্রমাণ তুলে ধরার পরও কেউ মুখ খোলেননি।

তবে পরে যখন দু’‌জনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বিষয়টি অস্বীকার করা হয়নি। পার্থ ও মানিকের মোবাইল ঘেঁটে নানা তথ্য জানা গিয়েছে। সেখানেও বিষয়টি ধরা পড়েছে। পার্থের মোবাইলে আসা মেসেজে রয়েছে, “মানিক যা তা ভাবে টাকা তুলছে”। ওই এসএমএস আবার পার্থ মানিককে ফরোয়ার্ড করেছিলেন।

ইডি যে তথ্য পেয়েছে, সেই অনুযায়ী পার্থ ওই এসএমএস ফরওয়ার্ড করে মানিককে সতর্ক করছিলেন। বড় অঙ্কের টাকার কোনও হিসাব না পেয়ে বেশ রেগেও যান পার্থ। জানা গিয়েছে, মানিক হিসেবের বাইরে টাকা তুলছিলেন। সেটা জানতে পেরে যান পার্থ। চাকরি বিক্রির টাকা নিয়েই পার্থ ও মানিকের সম্পর্কে চিড় ধরে বলে খবর।

বলে রাখি, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। আর মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত। অভিযোগ ওঠার পর তাঁকে পদ থেকে অপসারিত করা হয়। টাকা নিয়ে প্রায় ৭৫ হাজার চাকরি দিয়েছিলেন মানিক, এমনটাই অভিযোগ উঠেছে। প্রত্যেক চাকরির জন্য ৭ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হত বলে জানা গিয়েছে ইডির তরফে।

RELATED Articles