৩৮ বছরের পুজো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। সেই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পুজো কমিটির সদস্য ও স্থানীয়রা। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়। দীর্ঘদিনের এই পুজো বন্ধের নির্দেশ দেওয়ায় থানার সামনে প্রতিবাদ জানান এলাকাবাসী। সব মিলিয়ে এলাকায় উত্তেজনা।
দীর্ঘ বছর ধরে টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার সন্নিকটে দুর্গাপুজো করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি। এই বছরও পুজোর জন্য আজ, বৃহস্পতিবার খুঁটিপুজোর আয়োজন করা হয়। কিন্তু সেই পুজোতে আপত্তি তোলে পুলিশ। রেললাইনের উপর এই পুজো করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। আর এই নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বচসা বাঁধে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই বছর পুজো করার ক্ষেত্রে নাকি কারখানার তরফে আপত্তি জানানো হয়েছে। সেই কারণে পুজো কমিটি পুজো করতে পারবে না। এই ঘটনায় পুজো কমিটির সদস্যরা স্থানীয়দের নিয়ে গিয়ে টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখান।
এই প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্ত বলেন, “৩৮বছর ধরে আমরা পুজো করছি। বছরের প্রতিটি দিন আমরা টিটাগড় ওয়াগান লিমিটেডকে সহযোগিতা করি। তাদের থেকে আমরা শুধু পুজো করার জন্য দশ দিন চেয়েছি। এই কারখানার এক আধিকারিক আগে আমাদের পুজো উদ্বোধনও করেছেন। তার প্রমাণ আমাদের কাছে আছে। পুরসভা, দমকলের থেকেও আমরা পুজোর অনুমতি পেয়েছি। তবুও কেন এবছর ওই কারখানা আমাদের পুজো করতে দিতে চাইছে না, জানি না”।
অন্যদিকে, টিটাগড়ে পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ জানিয়েছেন, ”প্রতি বছরই ওখানে পুজো হয় জানি। কিন্তু ওখানে ওয়াগনের চালু রেললাইন আছে। গত বছরও একটা সমস্যা হয়েছিল। কারখানার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ছিলাম। এবছরও চেষ্টা করব দুপক্ষকে নিয়ে বসে সমস্যা মেটানোর। তবে পুজো বন্ধ হবে না”। শেষ পর্যন্ত পুজো হয় কী না, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসীরা।






