রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ধরা হপরল একাধিক ভুয়ো পরীক্ষার্থী। মোটা টাকার বিনিময়ে আসল ব্যক্তির বদলে পরীক্ষার্থী হয়ে আসার অভিযোগ উঠল সল্টলেক ও লেকটাউনের নানান পরীক্ষা কেন্দ্র থেকে। এই ঘটনায় নানান কেন্দ্র থেকে অন্তত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, এদের মধ্যে বেশিরভাগই বিহারের বাসিন্দা।
আজ, রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগের চূড়ান্ত লিখিত পরীক্ষা ছিল। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এদিন পরীক্ষার শুরুতেই অ্যাডমিট কার্ড পরীক্ষার সময় একাধিক ভুয়ো পরীক্ষার্থীর খোঁজ মেলে। সূত্রের খবর, এই পরীক্ষার্থীদের কাছে অ্যাডমিট কার্ড থাকলেও সেখানে উল্লিখিত মা-বাবার নাম, বাড়ির ঠিকানা জিজ্ঞেস করা হলে তারা সঠিক উত্তর দিতে পারে না। তখনই সেই পরীক্ষার্থীদের আটক করেন কর্তব্যরত পুলিশ।
জানা গিয়েছে, বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুল তথা বিডি স্কুল ও সল্টলেকের লবন হ্রদ বিদ্যাপীঠ তথা এডি স্কুল থেকে সাতজন ভুয়ো পরীক্ষার্থীর খোঁজ পাওয়া গিয়েছে এদিন। জানা যাচ্ছে, এডি স্কুল থেকে ধৃত দুই ভুয়ো পরীক্ষার্থীর মধ্যে রূপেশ কুমার নদিয়ার ঝণ্টু মুণ্ডার হয়ে এবং মণিরাম সরকারের হয়ে অচিন্ত্য বিশ্বাস পরীক্ষা দিতে এসেছিল। বিডি স্কুল থেকে বাকি পাঁচ ভুয়ো পরীক্ষার্থীর খোঁজ মেলে।
জানা গিয়েছে, লেকটাউনে ১৬ জন ভুয়া পরীক্ষার্থী পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, পাতিপুকুর পল্লীশ্রী বিদ্যালয়, নারাণদাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল, পাতিপুকুর পল্লীশ্রী বিদ্যাপীঠ, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, পাতিপুকুর আদ্যনাথ শিক্ষামন্দির থেকে একাধিক ভুয়ো পরীক্ষার্থীর খোঁজ মিলেছে।
পুলিশ জানিয়েছে যে এদের মধ্যে কারোর সই মিলছিল না তো কারোর ছবি। তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও নানান কথায় অসঙ্গতি মেলে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তিনজন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করেছে বলে খবর। জানা গিয়েছে, এদের মধ্যে বেশিরভাগ পরীক্ষার্থীই অন্য রাজ্যের। মোটা টাকার বিনিময়ে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর কোনও চক্র চলছে কী না, তা তদন্ত করছে পুলিশ।





