আল কায়দার নানান শাখা সংগঠন যে ভারতে নাশকতার ছক কষতে পারে, এমন খবর আগেই মিলেছিল গোয়েন্দা সূত্রে। এর আগে বারাসাত থেকে জেএমবি-র এক লিঙ্কম্যানকে আটক করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। এবার উত্তর ২৪ পরগণার শাসন থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে আটক করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। এই দু’জনের বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, এই দুই ধৃত আল কায়দার ভারতের শাখা সংগঠন আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট-এত সদস্য হতে পারে। দুই ধৃত জঙ্গির নাম কাজী আহসান উল্লাহ ও আব্দুর রাকিব সরকার। এদের একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ও অন্যজনের বাড়ি আরামবাগে। জানা গিয়েছে, তপসিয়াতে তাদের ডেরা রয়েছে।
গতকাল, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শাসনে অভিযান চালান স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। সেখান থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে পাকড়াও করা হয়। তাদের থেকে বেশ কিছু বই ও ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয় এমন নথি উদ্ধার করেছে এসটিএফ বা স্পেশ্যাল টাস্ক ফোর্স। তাছাড়াও কম্পিউটারের হার্ডডিস্ক, সিপিইউ, পেনড্রাইভ, একাধিক মোবাইল ফোন ও বিভিন্ন সিম কার্ড উদ্ধার হয়েছে বলেও খবর।
এই দুই ধৃতদের বিরুদ্ধে একাধিক জায়গায় নাশকতামূলক কাজকর্ম করার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের নানান থানায় এই দুই জঙ্গির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা রয়েছে। সম্প্রতি অসম থেকে বেশ কিছু আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। সেই খবর পেয়েই রাজ্য পুলিশের এসটিএফ সক্রিয় হয়ে ওঠে।
আল কায়দার জঙ্গিদের আটক করতে নানান পরিকল্পনা করে এগোতে থাকে এসটিএফ। ধৃত দুই জঙ্গির উপর অনেকদিন ধরেই নজরদারি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গতকাল রাতে তাদের ডেরা থেকে আটক করা হয় দুই সন্দেহভাজন জঙ্গিকে। ডেরা ঘিরে ফেলায় পালানোর কোনও সুযোগ পায়নি তারা। এই দুই জঙ্গির সঙ্গে কার কার যোগাযোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।





