বাংলাদেশের পর এবার মালদা! দুর্গামণ্ডপে তাণ্ডব, ভাঙচুরের অভিযোগ এবার খোদ পুলিশের বিরুদ্ধেই

গত কয়েকদিনে বাংলাদেশের নানান এলাকায় একাধিক দুর্গামণ্ডপে হামলা, মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠে এসেছে। আর এবার এমনই অভিযোগ এল পশ্চিমবঙ্গ থেকেই, তাও আবার এক পুলিশের বিরুদ্ধেই। আইন রক্ষা করেন যারা, এবার সেই পুলিশের বিরুদ্ধেই দুর্গামণ্ডপে ভাঙচুরের অভিযোগ উঠল।

বাড়ির পাশেই হয় দুর্গাপুজো। রাতের বেলা গান চলছিল বেশ জোরেই। মাইকের আওয়াজে ঘুমোতে অসুবিধা হচ্ছিল। এই কারণে পুলিশের উর্দি পরেই দুর্গামণ্ডপে ভাঙচুর চালান পুলিশ কর্মী সুদীপ্ত ভগত। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মনে ব্যাপক ক্ষোভ জমেছে।

ঘটনাটি ঘটেছে পুরনো মালদার ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লিতে। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, কয়েকমাস আগেই পুলিশের এসআই পদে চাকরি পেয়েছিলেন সুদীপ্তবাবু। বর্তমানে তিনি ট্রাফিক পুলিশের পদে কর্মরত। তাঁর বাড়ির পাশেই হচ্ছে দুর্গাপুজো। নবমীর দিন বেশ রাত পর্যন্ত আদর্শপল্লি-সহ মালদার নানান মণ্ডপে ভিড় ছিল দর্শনার্থীদের।

জনসমাগমের কারণে বেশ জোরে মাইক বাজছিল। এই কারণেই রাত ১টা নাগাদ মণ্ডপে পুলিশের উর্দি পরেই হাজির হন সুদীপ্তবাবু। পাড়ার লোক ও পুজো কর্তৃপক্ষকে গালাগালি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এও অভিযোগ ওঠে যে তিনি নাকি মণ্ডপে ভাঙচুর চালিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে হাজির হয় মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ।

এলাকাবাসীদের সূত্রে খবর, কিছুদিন আগেই পুলিশের চাকরি পেয়েছেন সুদীপ্ত ভগত। নবমীর রাতে তিনি উর্দির জোর দেখিয়ে প্রথমে মাইকম্যানকে মারধর করেন। এরপর তাঁকে আটকানোর চেষ্টা করা হলে তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমনকি দুর্গামণ্ডপে আগুন লাগানোরও চেষ্টা করেন তিনি। এলাকার বাসিন্দারা তাঁর কড়া শাস্তির দাবী তুলেছেন।

আরও অন্যান্য খবর