আজ, মঙ্গলবার রয়েছে বিজেপির নবান্ন অভিযান। এই অভিযানকে ঘিরে সকাল থেকেই নানান জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি চোখে পড়েছে। এদিন রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বচসায় জড়ান। কোল্ডফিল্ড এক্সপ্রেস ধরতে গেলে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। এই একই ছবি লক্ষ্য করা গিয়েছে বোলপুর স্টেশনেও।
আজ তিনদিক থেকে মিছিল নিয়ে নবান্ন অভিযানে যাচ্ছে বিজেপি। এদিন বেলা ১টায় কলেজ স্কোয়ার, সাঁতরাগাছি ও হাওড়া ময়দান থেকে বেরোবে তিনটি মিছিল। অন্যদিকে আবার বিজেপির মিছিল আটকাতে বদ্ধ পরিকর পুলিশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছে। জায়গায় জায়গায় বসানো হয়েছে গার্ডরেল, ব্যারিকেড। রাস্তা খুঁড়ে ব্যারিকেড বসানোর ছবিও দেখা গেছে হাওড়া ময়দান সংলগ্ন এলাকায়।
এদিন সকালেই রানিগঞ্জ থেকে কোল্ডফিল্ডে করে হাওড়া আসার কথা ছিল বিজেপি কর্মী-সমর্থকদের। সেই অনুযায়ী স্টেশন চত্বরে পৌঁছয় তারা। কিন্তু সেখানে তাদের আটকায় পুলিশ। স্টেশন চত্বর ঘিরে ফেলা হয়। ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়।
বিজেপি কর্মীদের দাবী, পুলিশ তাদের ট্রেনে উঠতে বাধা দিয়েছে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, রানিগঞ্জ থানার পুলিশ, নানান ফাঁড়ির আইসি ও ওসিরা আটকান বিজেপি কর্মী-সমর্থকদের। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ ঝামেলা হয়। বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হয়েছে বলেও খবর।
এই একই ধরণের ছবি দেখা গেছে কাটোয়া স্টেশন চত্বরেও। ‘পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব’, এই স্লোগান দিয়ে বিজেপি কর্মীরা কাটোয়া থেকে লোকাল ট্রেনে চড়ে কলকাতার দিকে রওনা দেন। তাঁদের দাবী, পুলিশ অন্যায়ভাবে আন্দোলন থামানোর চেষ্টা করছে। স্টেশন চত্বর থেকে বের করে দেওয়ার অভিযোগে বোলপুর স্টেশনের সামনেও বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান।





