সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এর আগে অনুব্রতর গড় বীরভূমের একাধিক গ্রামে তল্লাশি চালিয়ে শতাধিক বোমা উদ্ধার করল পুলিশ। এক ব্যক্তিকেও ঘটনায় আটক করা হয়েছে। ভোটের আগে অশান্তির পরিবেশ তৈরি করতেই কী মজুত করা হয়েছিল বোমা? উঠেছে প্রশ্ন।
গোপন সূত্রের খবর অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের সাঁইথিয়া ব্লকের নানান গ্রামে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানো হয় এলাকার একাধিক পরিত্যক্ত বাড়ি, বিভিন্ন কালভার্টের নিচে,পুকুর পার ও জঙ্গলে। এই তল্লাশিতে পুলিশ উদ্ধার করে মোট পাঁচটি ড্রাম ভরতি শতাধিক বোমা। প্রায় ২ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে হয়েছে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি এদিন রাতেই আবার সাঁইথিয়া থানার পুলিশ বাতাসপুর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। সেই ব্যক্তির থেকে উদ্ধার করা হয়েছে দুটি মাস্কেট, দুটি ওয়ান শর্টার ও ৬ রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে খবর, এই সমস্ত কিছু বিক্রির উদ্দেশ্যেই এনেছিল ওই ধৃত ব্যক্তি। এছাড়াও বার সদাইপুর থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে মা’দ’ক উদ্ধার করা হয়েছে। সেগুলিও বিক্রি করাও উদ্দেশ্য ছিল বলে খবর। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।





