সুকান্ত-শুভেন্দুর পর সন্দেশখালিতে ঢুকতে বাধা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও, পুলিশের সঙ্গে বচসা, রাস্তায় বসে পড়লেন অগ্নিমিত্রা পালরা

এর আগে আটকানো হয়েছিল সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের। এবার সন্দেশখালি ঢোকার পথে বাধা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি হয়েছে। তারা আজ, শুক্রবার সন্দেশখালি প্রবেশ করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এই নিয়ে শুরু হয় বচসা।

কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনীতা দুগ্গল, কবিতা পাতিদার, সঙ্গীতা যাদব এবং বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলালদের নিয়ে নাড্ডার নেতৃত্বে তৈরি হয়েছে কেন্দ্রীয় তথ্য সন্ধানকারী দল বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন সেই দল সন্দেশখালির উদ্দেশে রওনা দেয়। সঙ্গে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোরাও।

কিন্তু সন্দেশখালি প্রবেশ করার আগেই মাঝপথে রায়পুরে আটকে দেওয়া হয় ওই দলকে। ওই এলাকায় পুলিশ আগের থেকেই ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল বলে অভিযোগ। বিজেপির এই দল আসার আগেই নিরাপত্তা বাড়ানো হয়। বারাসাতের ডিআইজি জানান, ১৪৪ ধারা লঙ্ঘন করে যারা সন্দেশখালি ঢুকতে চাইবে, তাদের অবশ্যই আটকানো হবে অশান্তি এড়ানোর স্বার্থে।

এদিন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে মাঝ রাস্তায় আটকানো হলে তারা রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক পুলিশের কাছে বারবার অনুরোধ করেন যাতে তাদের কয়েকজনকে ১৪৪ ধারা মেনেই ভিতরে ঢুকতে দেওয়া হয়। তারা সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু তাতে রাজি হয় না পুলিশ।    

কেন্দ্রীয় মন্ত্রী পুলিশকে বলেন, “নিরাপত্তার প্রসঙ্গ যখন উঠছেই, তখন আপনারাই আমাদের নিয়ে চলুন। তাতে তো ১৪৪ ধারা লঙ্ঘন করা হবে না। আইন মেনে ৪ বা ৫ জনকে যেতে দিন। আপনারাও আমাদের সঙ্গে চলুন। আপনারাও শুনবেন সেখানকার মহিলাদের সমস্যার কথা। আমরা তা জানতেই এসেছি”। আইন মেনেও কেন সন্দেশখালিতে ধিক্তে দেওয়া হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল।

প্রতিমা ভৌমিকের দাবী, তারা গ্রামে ঢুকে মহিলাদের সঙ্গে কথা বললে সত্যিটা সামনে চলে আসবে, সেই ভয়েই তাদের আটকানো হচ্ছে। তৃণমূল সরকার আসলে মানুষের কথা ভাবে না। শাহজাহানদের মতো দুষ্কৃতীদের পাশে দাঁড়াতে জানে তারা, এমনটাই দাবী ওই ফ্যাক্ট ফাইন্ডিং দলের।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles