ঝকমকে রোদ আকাশে, কালীপুজোর আগেই হবে বড় হাওয়া বদল, ফের বৃষ্টিতে ভাসবে রাজ্য, কী জানাল আবহাওয়া দফতর?

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব কাটতেই আকাশে দেখা মিলেছে বেশ ঝকমকে রোদের। এর সঙ্গে আবার তাপমাত্রাও বেড়েছে একটু। শীতকাল যে আসছে তার খানিক আভাসও মিলছে একটু শুষ্ক আবহাওয়া থেকে। কিন্তু শীতকাল পড়ার আগে কী ফের একপ্রস্থ বৃষ্টি হবে বাংলায়? কালীপুজোতেও বৃষ্টি ভাসাবে না তো? এমনই প্রশ্ন এখন বঙ্গবাসীর মনে!

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে কালীপুজোর আনন্দ যে মাটি হচ্ছে না, তেমনটাই জানাল হাওয়া অফিস। শীত পড়ার আগে বিক্ষিপ্তভাবে হবে বৃষ্টি।      

হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকবে। ভারী বৃষ্টি হবে না শহরে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গের আবহাওয়াও এমনই থাকতে চলেছে বলে খবর। আগামী দু’দিন হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, দুই দিনাজপুর, কোচবিহার, মালদহ, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। এরপর থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। নতুন করে প্লাবন বা ধস নামার সম্ভাবনা নেই।  

গত কয়েকদিন ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে বেশ বৃষ্টি হয়েছে বঙ্গে। আকাশে সূর্যের দেখাই মেলেনি। তবে এবার ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই পরিষ্কার আকাশ। এবার বাঙালি অপেক্ষা করছে শীতের। কবে শীতের শিরাশিরানি অনুভূত হবে, সেই অপেক্ষায় বঙ্গবাসী!

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর