‘দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতিকে মানছি না’, তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ রানিগঞ্জে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের নাকি বিরোধীদের কাজ?

তৃণমূলের ব্লক সভাপতি দুর্নীতিগ্রস্ত (corrupted), তাঁকে মানা হবে না। এই মর্মে রানিগঞ্জের (Ranigunj) চারিদিকে পড়ল পোস্টার। আজ, শনিবার সকালে রানিগঞ্জের বল্লভপুরে এমন প্রায় দশটি পোস্টার চোখে পড়ে। এই পোস্টার নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। ওই পোস্টারে রানিগঞ্জ গ্রামীণ ব্লক সভাপতি দেবনারায়ন দাসকে (Deb Narayan Das) দুর্নীতিগ্রস্ত আখ্যা দেওয়া হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির গ্রামীণ মণ্ডল সভাপতি পরিমল মাজি বলেন, “এটা তৃনমূলের গোষ্ঠীকোন্দলের ফল। নিজেদের মধ্যে ভাগাভাগি, কাটমানির লড়াই চলছে। দলটার নীতি আদর্শ বলে কিছু নেই। এখন নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে। নিজেদের মধ্যে এখন বালির লড়াই, কয়লার লড়াই চলছে। এটা এখন প্রকাশ্যে এসেছে”।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ড থেকে শুরু করে গরু পাচার, এসএসসি, টেট নানান দুর্নীতির জেরে বিদ্ধ রাজ্য সরকার। নানান দুর্নীতিতে শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। আবার সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও। এর জেরে যে তৃনমুল বেশ চাপের মুখে পড়েছে, তা বলাই বাহুল্য।

অন্যদিকে আবার ব্লক সভাপতি দেবনারায়ন দাসকে ক্লিনচিট দিয়ে পাশে দাঁড়িয়েছেন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দোপাধ্যায়। তাঁর দাবী, “যত ছেলে আছে তার মধ্যে দেবু বেস্ট। কোনও দুর্নীতির সঙ্গে দেবনারায়ন জড়িত নয়। একথা জেনেই দল তাঁকে ব্লক সভাপতি করেছে। দলের যারা দুর্নীতি করতে পারছে না তারাই এই ধরনের পোস্টার দিয়েছে। ও কখনও দুর্নীতির সঙ্গে থাকে না। সেটা ওই অঞ্চলের সবাই জানে। ওই অঞ্চলের সবাইকে জানি। কারা এটা করতে পারে সেটাও জানি”। এই বিষয়ে ব্লক সভাপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles