মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উপলক্ষ্য ব্যারাকপুরে বিজেপি নেতা মণীশ শুক্লকে নৃশংস ভাবে হত্যার ঘটনা। তিনি টুইটে স্পষ্ট লিখে দিয়েছেন, রাজ্যে বর্তমানে ডেমোক্রেসি নেই, রয়েছে মমতাক্রেসি!
তিনি টুইটে লিখেছেন, ”থানার সামনে বিজেপি নেতার খুনের ঘটনায় অনেক প্রশ্ন উঠছে এবং উঠবে। দিদি, আপনি চাইলে খুনি ধরা পড়বে। আপনি না চাইলে অ্যারেস্ট হয়ত কেউ হবে, কিন্তু প্রকৃত খুনি অ্যারেস্ট হবে না।”
ফলে তিনি যে মমতাকে তীব্র কটাক্ষ করছেন তা তার টুইট থেকে স্পষ্ট। এখানেই ক্ষান্ত হননি অধীর চৌধুরী। ২০১১ সালে যখন মমতা সরকার রাজ্যে ক্ষমতায় এসেছিল তখন তাদের মূল স্লোগান ছিল, “বদলা নয় বদল চাই”।
টুইটে এই স্লোগানকে হাতিয়ার করেই মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অধীর। “বদলা নয় বদল চাই, বলেছিলেন কিন্তু এর মধ্যেই ভুলে গিয়েছেন দিদিভাই?” চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন।
ব্যারাকপুর এর অন্যতম জনপ্রিয় বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল। ঘটনাস্থলে ভাঙা সিসিটিভি, সশস্ত্র নিরাপত্তা রক্ষীর অনুপস্থিতি, সব মিলিয়ে উঠে আসছে সুপারি কিলিং এর তত্ত্ব। এভাবে প্রকাশ্যে একজন বিরোধী দলনেতাকে খুনের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রীয় বিজেপি নেতারা। রাজ্যে আইন-শৃংখলার অবসান ঘটেছে দাবি করে এই খুনের তদন্তের জন্য শুরু থেকেই সিবিআইয়ের হস্তক্ষেপ দাবি করে আসছিলেন কৈলাস বিজয়বর্গীয়রা। আপাতত তদন্তভার গিয়েছে সিআইডির হাতে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
তবে অধীর রঞ্জন চৌধুরী যেভাবে বিজেপি নেতার খুনের ঘটনায় মমতার উদ্দেশ্যে তোপ দেগেছেন তাতে রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে গেল রাজ্যে।





