যত দিন এগোচ্ছে রাজ্যে মদ বিক্রির পরিমাণও যেন বেড়ে চলেছে। সূত্র বলছে, গত বছরের দুর্গাপুজোর তুলনায় এই বছরের দুর্গাপুজোতে ২০ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে রাজ্যে। গত বছরের রেকর্ডকেও ভেবগে দিয়েছে এই বছরের মদ বিক্রি। শুধুমাত্র কলকাতাতেই ১৪৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে পুজোর কয়েকদিনে।
আবগারি দফতরের তরফে জানানো হয়েছিল, আগস্ট মাসের মাঝামাঝি সময় করে মদের দাম বাড়বে। সেই অনুযায়ী বেড়ে ছিল মদের দাম। কিন্তু দের আবগারি দফতরের তরফে জানানো হয়, স্টক ক্লিয়ার হয়নি। সেই কারণে আগের দামেই উৎসবের মরশুমে বিক্রি হবে মদ।
অনেকেরই ধারণা ছিল, দুর্গাপুজোর পর হয়ত মদের দাম বৃদ্ধি হবে। কিন্তু তেমনটা যে হবে না জানিয়ে দিল আবগারি দফতর। জানানো হয়েছে, কালীপুজো পর্যন্ত আপাতত মদের দাম বাড়ছে না। পূর্বের নির্ধারিত দামেই কালীপুজো পর্যন্ত মদ মিলবে। আর এমন এক খবরে সুরাপ্রেমীদের মধ্যে যেন উচ্ছ্বাস দেখা দিল।
আবগারি দফতর সূত্রে খবর, ২০২৩ সালের দুর্গাপুজোর তুলনায় ২০২৪ সালের পুজোতে রাজ্যে মদ বিক্রির পরিমাণ বেড়েছে ২০ শতাংশ। এখনও সামগ্রিকভাবে নানান জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গ্রেটার কলকাতাতেই সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে পুজোর সময়। শুধুমাত্র গ্রেটার কলকাতাতেই গত ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর।
এই গ্রেটার কলকাতাকে চারটি ভাগে ভাগ করা হয়। সেগুলি হল- কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, আলিপুর ও বিধাননগর। এই চারটি এলাকার মধ্যে পুজোর সময় সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে আলিপুরে। সেখানে মাসে যেখানে ৯০ কোটি টাকার মদ বিক্রি হয়, সেখানে পুজোর কয়েকটা দিনেই মদ বিক্রি হয়েছে ৪৫ কোটি টাকার। মদ বিক্রিতে কলকাতার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর কলকাতা। সেখানে পুজোর ক’টাদিনে মদ বিক্রি হয়েছে ৩৮ কোটি টাকার। অন্যদিকে কলকাতা দক্ষিণে পুজোর সময় ৩৫ কোটি ও বিধাননগরে ৩০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ বিষমদের জেরে মৃত্যু ৩৫ জনের, আশঙ্কাজনক অবস্থায় একাধিক, মুখ্যমন্ত্রীকে তুলোধোনা বিরোধীদের
সমস্ত জেলা ধরে হিসাব করলে রাজ্যে সাধারণত মাসে গড়ে ১৭০০ কোটি টাকার মদ বিক্রি হয়। এরত মধ্যে গ্রেটার কলকাতায় হয় প্রায় ৩০০ কোটি টাকার মদ বিক্রি। গত বছর পুজোতে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল। আবগারি দফতরের আধিকারিকরা মনে করছেন, এই বছর সেই পরিমাণ প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেতে পারে। রাজ্যের সমস্ত জেলার মদ বিক্রির পরিমাণ জানা গেলেও পুজোর সময় মদ থেকে রাজস্ব আয়ের পরিমাণ ঘোষণা করা হবে বলে জানাল আবগারি দফতর।





