কেন্দ্র সরকারের নেওয়া বড় সিদ্ধান্তের ফলে এবার অনেকটাই কম হতে চলেছে মুসুর ডালের দাম। গতকাল, সোমবারই জানানো হয়েছে যে মুসুর ডালের উপর কোনও আমদানি শুল্ক নেওয়া হবে না। এছাড়াও কমানো হচ্ছে মুসুর ডালের উপর প্রযোজ্য ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেস’।
জানা গিয়েছে, মুসুর ডালের উপর এই সেস প্রায় অর্ধেক করে দেওয়া হচ্ছে। কেন্দ্রে সিদ্ধান্তে ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে এসেছে এই সেস। এর জেরে বাজারে মুসুর ডাল-সহ একাধিক কৃষি পণ্যের দাম কমতে চলেছে বলে খবর। আসলে, করোনা পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি সামাল দিতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত মুসুর ডালের উপর সীমা শুল্ক নির্ধারিত হত ৩০ শতাংশ। এবার সেই শুল্ক এক ধাক্কায় ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিল কেন্দ্র। রাজ্যসভায় পেশ করা এক নির্দেশিকার মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান যে মুসুর ডালের উপর ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেস’ ২০ শতাংশ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন- মানবাধিকার কমিশনের সদস্যরা বিজেপি ঘনিষ্ঠ, আদালতে পাল্টা হলফনামা জারি রাজ্য সরকারের
তবে উপভোক্তা মন্ত্রালয় থেকে প্রকাশ হওয়া পরিসংখ্যান অনুযায়ী, মুসুর ডালের খুচরো মূল্য বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। প্রতি কিলো ডালের দাম ১০০ টাকা হয়েছে৷ চলতি বছরের এপ্রিলে মাসেও প্রতি কিলো মুসুর ডালের দাম ছিল ৭০ টাকা।
এই বিষয়ে মিন্টকে ইন্ডিয়া গ্রেনস অ্যান্ড পাল্সেস অ্যাসোসিয়েশন ভাইস চেয়ারম্যান বিমল কোঠারি চলতি মাসের শুরুতেই জানিয়েছিলেন, “ভারতে প্রতিবছর ২.৫ কোটি টন ডাল প্রয়োজন। কিন্তু এই বছর উৎপাদন এর চেয়ে কম হওয়ার আশঙ্কা করছি আমরা।’ এই অভাবের জেরে চাহিদা বাড়তে পারে। যার কারণে মুসুর ডালের দাম ঊর্ধ্বমুখী হতে পারে”।





