দোলের দিন শান্তিনিকেতনে বিচারপতি গঙ্গোপাধ্যায়, সর্বসাধারণের সঙ্গে তুললেন সেলফি, ‘আপনি ভগবান’, স্লোগান উচ্ছ্বসিত জনতার

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিককালে এই নামটা একটু বেশিই প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজ্যে। কারোর কারোর কাছে তো তিনি সাক্ষাত ভগবানের সমান। দোলের দিন শান্তিনিকেতনে হাজির হলেন বিচারপতি। তাঁকে কাছে পেয়ে যেন উচ্ছ্বাসের বাঁধ ভাঙল আমজনতার।

কিছুদিন আগেই পুরুলিয়া আদালতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে তাঁকে সাধারণ মানুষ এমনভাবে ঘিরে ধরেছিল যেন তাদের কত চেনা মানুষকে কাছে পেয়েছেন তারা। তিনি যেভাবে একের পর এক মামলার রায় দিয়েছেন, তাতে সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছেন তিনি।

আর এবার আজ, দোলের দিন শান্তিনিকেতনেও কিছুটা তেমনই ছবি দেখা গেল। এদিন সক্কাল সক্কালই শান্তিনিকেতন পৌঁছে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি। বেশ খানিকটা পথ হেঁটেই ঘোরেন তিনি। স্থানীয়রা তাঁকে কাছে পেয়ে যেন বড় আবেগপ্রবণ হয়ে পড়েন।

সোনাঝুরি হাট থেকে শুরু করে খোয়াই, এদিন সর্বত্রই রঙে রঙে রঙিন হয়ে উঠেছিল। এদিন রতনপল্লির মাঠে গিয়েছিলেন বিচারপতি। সাংবাদিকরা রাজনৈতিক বিষয়ে নানান প্রশ্ন করতে থাকেন তাঁকে। তবে এমন উৎসবের দিনে সবটাই এড়িয়ে যান তিনি। শুধু বলেন, “শান্তিনিকেতনে এসেছি দোল খেলতে। রঙ খেলব”।

এদিন এখানে প্রায় ঘণ্টাখানেক সময় কাটান বিচারপতি। রাস্তার পাশের দোকান থেকে চা খান। জনসাধারণের ইচ্ছা মেটাতেও ভোলেন নি তিনি। সকলের অনুরোধে সেলফিও তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন তাঁকে দেখেই স্থানীয়রা একপ্রকার স্লোগান দিয়েই বলেন, “আপনি ভগবান”। অনেকেই জানান যে তাঁকে দেখেই অন্যায়ের প্রতি গর্জে ওঠার সাহস পাচ্ছেন তারা।

বলে রাখি, নানান মামলার বিচার পাওয়ার জন্য অনেকেই কলকাতা হাইকোর্টের এই বিচারপতির শরণাপন্ন হয়েছেন। আর খালি হাতে ফিরতে হয়নি তাদের। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে সাহায্য প্রার্থনা করে হাসিমুখেই ফিরেছেন তারা। এবার শান্তিনিকেতনবাসীদেরও মন করলেন বিচারপতি।

RELATED Articles