যে কোনও সময় বাড়িতে হামলা হতে পারে, এমনটাই আশঙ্কা করলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। এই কারণে নিরাপত্তা চেয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠিও দিলেন তিনি। গোপন সূত্র মারফত তিনি চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বলেও জানান।
এক সংবাদমাধ্যমে এই বিষয়ে কৌস্তভ বলেন, “আমি তৃণমূলের একটি সূত্র মারফত আমি খবর পেয়েছিলাম। ওরা আমার বাড়িতে হামলা করার একটি চক্রান্ত করেছে। যে কোনও মুহূর্তে আমার বাড়িতে হামলা চালাতে পারে। এই আশঙ্কা রয়েছে আমার। আর সে কারণেই আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি”।
ব্যারাকপুরের যে অঞ্চলে কৌস্তভ থাকেন, সেটি পুরসভার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড। জানা গিয়েছে, গতকাল, সোমবার কৌস্তভকে সামাজিকভাবে বয়কট করার দাবী জানিয়ে ওই ওয়ার্ড ও গোটা ব্যারাকপুর চত্বরে পোস্টার দেওয়া হয়েছিল। পোস্টারে অভিযোগ করা হয়, মাতৃসমা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ও অশালীন মন্তব্য করে এলাকার সংস্কৃতিকে গোটা বাংলার কাছে হেয় করেছেন কৌস্তভ। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে ব্যারাকপুরে।
কৌস্তভের কথায়, “আমার বাড়ির সামনে কাল দু’জন লাঠিধারী পুলিশ পাহাড়া দিয়েছে। বাড়ির কাছে একটি পেট্রলিং ভ্যানও ছিল। তবে এটা একদিনের নিরাপত্তার ব্যাপার নয়। যে কোনও মুহূর্তে আজ কিংবা কাল হোক ওরা হামলা করবেই”।
তবে তিনি এও জানান যে কোনও হুমকি বা হামলায় তিনি ভয় পান না। কংগ্রেস নেতার বক্তব্য, “আমি ভয় পাওয়ার বান্দা নই। নিজের ব্যবস্থা নিজে করার ক্ষমতা রাখি। তা সত্ত্বেও আমার কর্তব্য হিসেবে খবরটা পেয়ে আমি পুলিশকে জানিয়ে রাখলাম”।
বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করায় গ্রেফতার করা হয়েছিল কৌস্তভ বাগচিকে। ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। আর জামিন পেয়েই আদালতের বাইরে এসেই নিজের মাথা কামিয়ে তিনি শপথ নেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যতদিন না পর্যন্ত গদিচ্যুত করতে পারছেন, মাথায় চুল রাখবেন না তিনি।





