ট্রোলের জবাব! ‘ধোঁয়াই ধোঁয়া’ মন্তব্য করে ট্রোলড হয়েছিলেন, প্রচারে বেরিয়ে হুগলির কারখানার ধোঁয়া দেখেই রিল বানিয়ে পাল্টা কটাক্ষ রচনার

রাজনীতির ময়দানে নামার পর থেকেই নানান মন্তব্যের জেরে ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। ধোঁয়া নিয়ে মন্তব্য করে ভাইরাল হয়েছিলেন তিনি। তাঁর ‘ধোঁয়াই ধোঁয়া’ মন্তব্য নিয়ে মিমের অন্ত ছিল না। এবার প্রচারে বেরিয়ে সত্যিই কারখানার ধোঁয়া দেখেই রিল বানিয়ে ফেললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। রিলের মাধ্যমে পাল্টা কটাক্ষও ছুঁড়ে দিলেন নেত্রী।

লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। সমস্ত রাজনৈতিক দলের নেতারাই এখন ব্যস্ত ভোট প্রচারে। ভোটের আগে প্রতিদিনই হুগলির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। জনসংযোগ থেকে শুরু করে মিটিং কিছুই বাদ রাখছেন না তিনি। এরই মধ্যে ঘটালেন এক কাণ্ড।

বৃহস্পতিবার হুগলিতে প্রচারের মাঝেই রাস্তায় আচমকাই দাঁড়িয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। কারণ? সেখানে এক চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছিল। সেটা যে কলকারখানার ধোঁয়া, তা অবশ্য বুঝতে বাকি থাকে না কারোরই। সেই ধোঁয়া দেখেই রিল বানালেন তৃণমূল প্রার্থী।   

রিল ভিডিওতে রচনাকে (Rachana Banerjee) বলতে শোনা যায়, “এটা আমাদের হুগলির ধোঁয়া। যেটা আমি যাতায়াতের পথে সব সময় দেখি। এটা সিগারেট-বিড়ির ধোঁয়া নয়, এটা মেশিনের ধোঁয়া”। এদিন পরনে হলুদ চুরিদারে দেখা যায় তাঁকে।

তবে রচনা (Rachana Banerjee) এই রিল বানিয়ে যে বার্তা দিতে চাইলেন, তা অবশ্য মানতে নারাজ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা দাবী, “মানুষ জানে কোনও কিছুই হয়নি। সিঙ্গুরের কৃষক কাঁদছে, বুলডোজার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ডানলপকে শেষ করে দিয়েছে। ধুলোয় মিশিয়ে দিয়েছে। সব যন্ত্র চুরি করেছে”।

লকেট আরও বলেন, “আমি জানি না উনি কী দেখতে পেয়েছেন, আমি তো কোনও উন্ননয় দেখতে পাচ্ছি না। কোনও বড় শিল্প কি এসেছে? কোনও শিল্প কি হয়েছে”?

প্রসঙ্গত, গত ১৬ মার্চ হুগলিতে প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রচনা (Rachana Banerjee) বলেছিলেন, “আমি যখন এলাম দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার। শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কী করে বলছেন কারখানা হয়নি, হয়েছে আরও হবে”। এদিন এই রিল ভিডিও বানিয়ে রচনা এটাই বোঝাতে চাইলেন যে হুগলিতে অনেক কলকারখানাই রয়েছে।

আরও অন্যান্য খবর