ভাগ্যের পরিহাস! রেলের ইনস্পেকশন কারেই কাটা পড়ে মৃত্যু রেলকর্মীর, ফিরেও তাকালেন না রেল আধিকারিকরা

এক রেলকর্মীর মৃত্যু হল রেলের ইনস্পেকশন কারে কাটা পড়েই। অভিযোগ, এই ঘটনার পর তাঁর দিকে ফিরেও তাকান নি রেল আধিকারিকরা। পূর্ব রেল মেন ইউনিয়নের তরফে এই ঘটনায় ক্ষোভ জাহির করা হয়েছে। কার গাফিলতির জেরে এমন ঘটনা ঘটল, তা জানতে চেয়ে তদন্তের দাবী উঠেছে।

সূত্রের খবর, গতকাল, শুক্রবার কাজ করার সময়ই এক রেলকর্মী, অশোক বিশ্বাস রেলের ইনস্পেকশন কারে কাটা পড়েন। বছর ৪৫-এর অশোক সিগন্যাল কনস্ট্রাকশন বিভাগের সিনিয়র টেকনিশিয়ান ছিলেন বলে জানা গিয়েছে। এর ঘটনার পর বিভাগীয় তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এর জেরে পূর্ব রেলের মেনস ইউনিয়নের তরফে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয় আজ, শনিবার।

জানা গিয়েছে, শিয়ালদহের একাধিক আধিকারিক ওই ইনস্পেকশন কারে ইনস্পেকশন করতে কৃষ্ণনগর যাচ্ছিলেন। কর্মীসংগঠনের সাধারণ সম্পাদক অমিত ঘোষ অভিযোগ জানিয়েছেন যে একজন রেলকর্মীকে কাটা পড়তে দেখেও ওই কার থেমে থাকেনি। এই আচরণ খুবই অমানবিক।

এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে মৃত অশোক বিশ্বাস সিগনাল সার্ভে একাই কাজ করছিলেন। এক্ষেত্রে চালু লাইনে সঙ্গে একজন কর্মী দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু রেলের তরফে তা করা হয়নি।

শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেন, “ঘটনাটি ট্রেনের চালকের নজর এড়িয়ে যায়। আধিকারিকরা যেহেতু ট্রেনের পিছনের দিকে ছিলেন তাই তাঁরাও বিষয়টি জানতে পারেননি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা”।

তাঁর কথায়,  খুব শীঘ্রই সমস্ত ক্ষতিপূরণ ও পোষ্যের চাকরির ব্যবস্থা করবে রেল। এই বিষয়ে জিএম নিজে নির্দেশ দিয়েছেন বলে খবর। বলে রাখি, ওই ইনস্পেকশন কারে ছিলেন সিনিয়র ডিএসটি, এডিআরএমআই, সিনিয়র ডিএমসি ও অন্যান্য বিভাগীয় আধিকারিকরা।

আরও অন্যান্য খবর