বঙ্গবাসীর স্বস্তি নেই। শ্রাবণ মাস শুরু হয়ে এক সপ্তাহ কাটতে চলল, এদিকে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। গরমের জেরে শহরবাসীর অবস্থা খুবই খারাপ। বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার কারণে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ আর এর জেরে বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১শে জুলাই পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি থাকার কথা ছিল।
এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৭ শতাংশ। উত্তরবঙ্গে মাঝে অতিবৃষ্টি হলেও সার্বিকভাবে এখনও পর্যন্ত ঘাটতি রয়েছে ৪ শতাংশ । যেহেতু এখনও পর্যন্ত রাজ্যের ওপর মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব নেই। তাই এখন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিরও পূর্বাভাস নেই।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে। জামশেদপুর, বালাসোর হয়ে উত্তর-পূর্ব দিকে চলে যাচ্ছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামীকাল, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা একটু বাড়বে। যা রবিবার এবং সোমবারও চলবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখন ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। তখন ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাও কম সময়ের জন্য এক-দু’পশলা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
সূত্রের খবর, আগামীকাল, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই দক্ষিণবঙ্গকে সন্তুষ্ট থাকতে হবে। এরই মধ্যে আজ, শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, কলকাতার আকাশ আজ সারাদিন মেঘলাই থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।





