ফেব্রুয়ারির শেষ আর মার্চের শুরুতে বাংলার আবহাওয়ায় বদলের ইঙ্গিত। উত্তরের পাহাড়ি জেলাগুলিতে ফের বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে এখনই কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সামনের কয়েকদিনে বাড়তে পারে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে বেশ কিছু বদল আসতে চলেছে রাজ্যের আবহাওয়ায়। শীত বিদায় নিয়েছে, কিন্তু তাপমাত্রার ওঠানামা এখনো অব্যাহত। ফলে সামনের দিনগুলিতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, তা নিয়ে কৌতূহলী রাজ্যবাসী।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং, কালিম্পং-এর উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার আরও বাড়তে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পাহাড়ি এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে। ফলে পর্যটকদের এই সময়ে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরের আবহাওয়া বদলালেও দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। উপকূলবর্তী এলাকায় সকালে হালকা কুয়াশা থাকতে পারে, তবে সারাদিন আকাশ পরিষ্কারই থাকবে। তাপমাত্রাও খুব একটা পরিবর্তিত হবে না। তবে মার্চের শুরু থেকেই পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। মার্চের শুরুতেই সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে গরমের অনুভূতিও বাড়বে। বিশেষ করে কলকাতা, হাওড়া, নদিয়া, মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে দিনে গরম অনুভূত হবে বেশি।
আরও পড়ুনঃ আর্থিক লাভ, সাফল্যের সুযোগ! ২ মার্চ থেকে সৌভাগ্য আসছে কার জীবনে?
যদিও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে উত্তরে বৃষ্টিপাতের ফলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এখনই তেমন কোনও সংকেত মেলেনি। ফলে সামনের দিনগুলিতে রাজ্যজুড়ে তাপমাত্রা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।





