এ কেমন আবহাওয়া! সকালে বৃষ্টি, রাতে গরম, শীতের দেখা মিলবে কবে বঙ্গে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

এই তো সবে বৃষ্টির মরশুম কাটিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছিল বাঙালি। কিন্তু শুরুতেই আশার মুখে পড়ল জল। ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে আবার তাপমাত্রা বাড়বে বলেও জানাল হাওয়া অফিস। বাড়বে রাতের তাপমাত্রা।

কেন এমন আবহাওয়ার পরিবর্তন হঠাৎ?

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূবালী হাওয়ার কারণেই বঙ্গে এমন আবহাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে বাংলার হাওায় জলীয় বাষ্প মিশছে। এর জেরেই একদিকে ফের বাংলায় বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই আবার রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও রয়েছে।

আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা বেড়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়েও শুক্র ও শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভবনা নেই। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিস এও জানিয়েছে যে আগামী সোমবার থেকে ফের আবহাওয়ার বদল ঘটবে। মঙ্গলবার থেকে ফের একটু একটু করে ফিরবে শীতের আমেজ। ধীরে ধীরে নামবে তাপমাত্রা। বৃষ্টি না কমলে ডেঙ্গুতে রাশ টানা সম্ভব নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles