বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। এখন হিমেল পরশ থাকার কথা বাতাসে। শুষ্ক আবহাওয়ার দিন শুরু হওয়ার কথা। কিন্তু তেমনটা আর ঘটছে কই। বর্ষা বিদায় নিলেও বৃষ্টি যেন বঙ্গের পিছু ছাড়তেই চাইছে না। নিম্নচাপের জেরে এখন বৃষ্টির মরশুম বঙ্গজুড়ে। কোথায় কোথায় বৃষ্টি হবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর।
বর্ষা বিদায়ের পর শুষ্ক আবহাওয়া অনুভবই করতে পারছে না বঙ্গবাসী। আর এর নেপথ্যে ভিলেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপ। এই নিম্নচাপের জেরেই দখিনা বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। আর এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। তবে ভারী বৃষ্টি কোথাওই হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
জানা যাচ্ছে, শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ঢেউয়ের উচ্চতা উঠতে পারে দেড় মিটার পর্যন্ত, এমনটাই সতর্কবার্তা দিল হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গও ভিজবে বৃষ্টিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি মোটামুটি শুষ্কই থাকবে বলে খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ চেন্নাই উপকূলের দিকে রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলের দিকে। শুক্রবার সকালে এটি চেন্নাইয়ের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করবে। সেই প্রভাবেই বাংলায় বৃষ্টির পূর্বাভাস।





