আজ, শনিবার সকাল থেকেই যেন আকাশের মুখ ভার। ইতিমধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়বে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতায় আকাশ মেঘলাই থাকবে বলে জানা যাচ্ছে। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এক নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। গতকাল রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রির থেকে সামান্য কমে ২৬.৯ ডিগ্রি হয়। আর এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১.৪ মিলিমিটার। আজ, শনিবার ও আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে।
আবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আজ থেকে শুরু করে আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। এর জেরে ডুয়ার্সে নদীর জলস্তর বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে পাহাড়ে নামতে পারে ধস।





