মেঘে ঢাকা আকাশ, দেখা নেই রোদের! সপ্তাহভর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কি বলছে আবহাওয়া দপ্তর?

ফেব্রুয়ারি মানেই সাধারণত শীতের বিদায়বেলা ও বসন্তের আগমন। কিন্তু এবছর আবহাওয়া যেন অন্য গল্প শোনাচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও শুষ্ক আবহাওয়া দেখা যায়নি। বরং দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, রোদহীন সকাল, আর বৃষ্টির পূর্বাভাস শীতের রেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন ও সমুদ্রে তৈরি হওয়া একাধিক ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার এই বদল। সাধারণত এই সময় শুষ্ক ও বসন্তের আমেজ থাকলেও, এবছর বৃষ্টি যেন দক্ষিণবঙ্গের সঙ্গী হয়ে উঠছে।

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, দেখা নেই রোদের। বেলার দিকে কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মূল দুর্যোগের শুরু বৃহস্পতিবার থেকে। ওইদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা রীতিমতো বৃষ্টিতে ভাসতে পারে। শুক্রবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অব্যাহত থাকবে।

শনিবার ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টি হতে পারে বেশ জোরালোভাবে। রবিবার রাতেও কলকাতা-সহ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায়।

এদিকে, উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিংয়ে চলতি সপ্তাহে হালকা তুষারপাত হতে পারে। সঙ্গে বৃষ্টিও হবে কালিম্পং ও সংলগ্ন পাহাড়ি এলাকায়। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়িতেও বৃষ্টি দেখা যেতে পারে। এমনকি মালদহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য অংশেও এই পরিবর্তিত আবহাওয়ার প্রভাব পড়বে। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে অরুণাচল প্রদেশে।

আরও পড়ুনঃ বুধের মার্গি আছড়ে পড়বে কোন কোন রাশির ওপর ? দেখুন আপনার জীবনে কি আসছে!

আগামী ৪১ ঘণ্টায় প্রবল বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে। অসম ও মেঘালয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজধানী দিল্লিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু’দিন। ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই চলতি সপ্তাহটা বৃষ্টি ও দুর্যোগের মধ্যেই কাটবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর