বিগত কয়েক দিন ধরেই সন্ধের পর কলকাতার আকাশে জমেছে কালো মেঘ। কোথাও হালকা, কোথাও আবার বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি—গরমের শহরে যেন খানিকটা স্বস্তি এনেছে প্রাক-বর্ষার এই বর্ষণ। সন্ধেবেলা স্কুলফেরতা ছাত্রছাত্রী হোক কিংবা অফিসযাত্রী মানুষ—বৃষ্টির জল ছুঁয়ে ঠান্ডা হওয়া রাস্তায় হাঁটার এক অন্য অনুভূতি তৈরি হয়েছে শহরবাসীর মনে।
কিন্তু এই স্বস্তি যে দীর্ঘস্থায়ী নয়, তা এক প্রকার নিশ্চিত করেই বলছে আবহাওয়া দফতর। গরমের ঘাম ছুটানো দিনগুলি যে আবার ফিরে আসতে চলেছে, তার ইঙ্গিত মিলছে একাধিক মৌসুমী পরিবর্তনের পূর্বাভাসে। হাওয়া অফিসের হিসেব অনুযায়ী, আর কয়েকটা দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এরপরই দক্ষিণবঙ্গে শুরু হবে পারদ চড়ার নতুন অধ্যায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জায়গায় কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনকি বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে।
এ দিকে, উত্তরবঙ্গেও রয়েছে একই রকম পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত জারি রয়েছে ঝড়ের সতর্কতা। সপ্তাহের শেষদিকে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও, তারপরই উত্তরবঙ্গেও ফিরে আসবে শুকনো আবহাওয়া।
আরও পড়ুনঃ Astrology : একেই বলে গ্রহের খেলা! চার রাশি সহ রাজযোগে বদলাবে জীবনের গতিপথ—আপনার রাশি কি রয়েছে সেই তালিকায়?
আগামী চার দিন বড় কোনও তাপমাত্রার পরিবর্তন না হলেও, তার পর তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পারদ। গরমে হাঁসফাঁস করতে হতে পারে দক্ষিণবঙ্গের মানুষকে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত এবং বাংলা-ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে এই মুহূর্তে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। তবে এই পরিস্থিতি বদলাতে চলেছে শীঘ্রই। ফলে স্বস্তির বৃষ্টি বিদায় নিলেই আবার জাঁকিয়ে বসবে গরম। তাই এখনই প্রস্তুতি নিতে বলছে আবহাওয়া দফতর।






