মহিলাদের রাত দখলের কর্মসূচির আগে জরুরি বৈঠক রাজ্য পুলিশের ডিজির, আন্দোলন দমানোর চেষ্টা করা হবে না তো? কী নির্দেশ দিলেন রাজীব কুমার?

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে চলছে বিক্ষোভ-আন্দোলন। এরই মধ্যে এক বড় ভূমিকা নিয়েছেন রাজ্যের মহিলারা। আজ, ১৪ আগস্ট প্রাক স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন তারা। রাতের পথ থাকবে আজ মেয়েদের দখলে।

আর জি করের ঘটনা নিয়ে সরব নানান মহল। এদিনের এই রাতের দখল নেবে মেয়েরা কর্মসূচিতে যোগ দিচ্ছেন রাজ্যের মহিলারা। কলকাতা তো বটেই রাজ্যের নানান প্রান্তে আয়োজন করা হয়েছে এই কর্মসূচির। এই কর্মসূচিতে মেয়েদের পাশে দাঁড়িয়েছে ট্যাক্সি সংগঠন থেকে শুরু করে বাস পরিষেবা সংগঠন, মেট্রো কর্তৃপক্ষ সকলে। এবার এই কর্মসূচি নিয়ে বৈঠক বসল রাজ্য পুলিশ।

জানা গিয়েছে, এদিনের এই কর্মসূচি নিয়ে আজ, বুধবার রাজ্যের নানান জেলার এসপি, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই বৈঠকে ঠিক কী কী নির্দেশ দিলেন তিনি? মহিলাদের দমানোর চেষ্টা করা হবে না তো পুলিশের তরফে? উঠছে এমন নানান প্রশ্ন।

তবে জানা গিয়েছে, এদিনের এই বৈঠকে রাজীব কুমার জেলার নানান পুলিশ কমিশনার ও সিপি-দের নির্দেশ দিয়েছেন যাতে এদিন রাতের এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা বজায় থাকে। যেখানে যেখানে এই কর্মসূচি হচ্ছে, সেখানে যাতে যথেষ্ট মহিলা পুলিশ মোতায়েন থাকে, সেদিকে নজর দিতে বলা হয়েছে।

এখানেই শেষ নয়, ডিজির নির্দেশ, এদিনের এই রাতের কর্মসূচিতে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কড়া নজরদারি রাখতে হবে। কোথাও কোনও গণ্ডগোলের খবর মিললে, তা নবান্নে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজীব কুমার এও জানিয়েছেন, আজ মধ্যরাতে তৃণমূলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান রয়েছে। ফলে এই দুই কর্মসূচি যাতে কোনওভাবেই মিশে না যায় বা দুটি কর্মসূচি যাতে আলাদাভাবে সুষ্ঠুভাবে পালন হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি।  

আরও অন্যান্য খবর